কঙ্গনার প্রশংসায় অমিতাভ
এবার ‘কুইন’ সিনেমায় কঙ্গনা রানাউতের অভিনয়ের প্রশংসা করেছেন বলিউডের সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চন। এর আগে অনেকের প্রশংসা পেলেও বিগ বির শুভেচ্ছায় সবচেয়ে আনন্দিত হয়ছেন কঙ্গনা।
নারী দিবসকে কেন্দ্র করে ৭ মার্চ মুক্তিপ্রাপ্ত ‘কুইন’ সিনেমার সুবাদে বলিউডে আলোচনার শীর্ষে উঠে আসেন কঙ্গনা। এর আগে সিনেমাটিতে তার অভিনয়ের প্রশংসা করেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, পরিচালক কারান জোহর, আমির খান এবং আরও অনেকে। তবে সকলের প্রশংসার মধ্যে বিগ বির প্রশংসায় সবচেয়ে বেশি খুশি হয়েছেন কঙ্গনা।
জি মিডিয়া ব্যুরোর এক প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গনা একটি প্রভাবশালী সংবাদমাধ্যমকে সম্প্রতি বলেন, “সকালে এক ডেলিভারি বয় বিশাল একটি ফুলের তোড়া নিয়ে আমাদের বাড়িতে আসেন। তোড়ার সঙ্গে হাতে লেখা একটি নোটও ছিল। আমার বোন রাঙ্গোলি তোড়াটি নেন আর আমাকে জানান আমার জন্য বিশেষ একটি উপহার আছে। আমি দেখলাম অমিতাভ বচ্চন আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। নোটটি পড়ার সময় আমার পুরো শরীর কাঁপছিল।”
থ্রিলার সিনেমা ‘গ্যাংস্টার’-এর মধ্য দিয়ে ২০০৬ সালে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন কঙ্গনা। সিনেমাটিতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার জয় করেন তিনি। এরপর ২০০৮ সালে ‘ফ্যাশন’ সিনেমায় অভিনয় করে পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী হিসেবে দুটি পুরস্কার পান কঙ্গনা।
এরপর ‘তানু ওয়েডস মানু’ এবং ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’ সিনেমার মধ্য দিয়ে বক্স অফিসে সফলতা অর্জন করেন তিনি। ২০১৩ সালে ‘কৃষ থ্রি’ সিনেমায় তার নেতিবাচক চরিত্রের অভিনয়ও বেশ আলোচিত হয়।
বরাবরই কিছুটা ভিন্নধারার চরিত্রে অভিনয় করে আসছেন কঙ্গনা। ভিকাশ বেহল পরিচালিত ‘কুইন’ সিনেমায় সাধারণ এক ভারতীয় নারীর চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন তিনি।
