২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্ল্যাক উইডো’কে নিয়ে জোহানসন

মার্ভেলের সুপারহিরো চরিত্র ‘ব্ল্যাক উইডো’ কেন্দ্রিক একটি সিনেমা নির্মাণের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী স্কারলেট জোহানসন।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 06:54 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

কন্টাক্টমিউজিক জানায়, দর্শকরা যদি চান তাহলে ২৯ বছর বয়সী ওই অভিনেত্রী ‘ব্ল্যাক উইডো’ চরিত্রকে নিয়ে পৃথক একটি সিনেমা নির্মাণের জন্য পদক্ষেপ নেবেন।

মার্ভেলের বেশ কিছু সুপারহিরো সিনেমায় রাশিয়ার শিল্ড এজেন্ট ‘ব্ল্যাক উইডো’র চরিত্রে অভিনয় করেছেন জোহানসন। এরমধ্যে রয়েছে ‘দ্য আয়রন ম্যান’ সিনেমার সিকুয়েল, ‘দ্য অ্যাভেঞ্জারস’ এবং সদ্যমুক্তিপ্রাপ্ত ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইনটার সলিড’।

মার্ভেলের সুপারহিরো সিনেমাগুলো বরাবরই জনপ্রিয়তার শীর্ষে থাকে। প্রতিটি সুপারহিরো চরিত্রর রয়েছে একাধিক সিনেমা। শুধু ‘ব্ল্যাক উইডো’ চরিত্র এখন পর্যন্ত পার্শ্ব চরিত্রে সীমাবদ্ধ রয়েছে। আর তাই চরিত্রটি প্রতিষ্ঠিত করার এই পদক্ষেপ নিয়েছেন জোহানসন।

লন্ডনের লেসটার স্কোয়ারে ২০ মার্চ ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইনটার সলিড’ ইউকে প্রিমিয়ারে জোহানসন তার অভিনীত চরিত্র নিয়ে একটি সিনেমা নির্মাণের বিষয়ে জানান। তিনি বলেন, “যদি দর্শকরা ‘ব্ল্যাক উইডো’ চরিত্রটির সিনেমা দেখতে চান তাহলে আমিও চাইব। দর্শকদের মতামতের ভিত্তিতে আমি মার্ভেলকে অনুরোধ করব।”

জোহানসন বেশ কয়েকটি সিনেমায় ওই চরিত্রতে অভিনয় করার পর মার্ভেল চরিত্রটি নিয়ে একটি সিনেমা নির্মাণের চিন্তা করলেও বাস্তবায়ন করা হয়নি। কারণ মার্ভেলের প্রযোজনা সভাপতি কেভিন ফেইগ অন্যান্য চরিত্রর মতো ‘ব্ল্যাক উইডো’ অতটা জনপ্রিয়তা পাবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

ফেইগ বলেন, “জোহানসন ইতোমধ্যে বেশ কিছু বড় সিনেমায় ব্ল্যাক উইডো চরিত্রতে অভিনয় করে নিজেকে একজন সুপার হিরো হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবে শুধু ওই একটি চরিত্র নিয়ে নির্মিত সিনেমা কতটুকু দর্শকপ্রিয় হবে তা এখনও নিশ্চিত নই আমরা। ভালো কিছু পেলে আমরা অবশ্যই চিন্তা করব।”