২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিরহানন্দ’

বিশ্ববিদ্যালয় পড়ুয়া তিন বন্ধুর গল্প নিয়ে নির্মিত হল নাটক ‘বিরহানন্দ’। এটি নবীন পরিচালক আবু হায়াত মাহমুদের পরিচালনায় দ্বিতীয় নাটক।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 05:12 PM

Updated : 13 Oct 2022, 11:56 AM

‘বিরহানন্দ’ নাটকে তিন মুখ্য চরিত্রে অভিনয় করছেন সজল, মম এবং কল্যাণ। এতে তাদের অভিনীত চরিত্রের নাম অয়ন, নবনী এবং শান্ত।

নাটকটি সম্পর্কে আবু হায়াত মাহমুদ গ্লিটজকে বলেন, “ভালোবাসার মূল ভিত্তি বিশ্বাস। ভালোবাসার প্রতি বিশ্বাসের অভাবে কী পরিণতি হতে পারে সে বার্তাই এ নাটকের মাধ্যমে দেওয়া হয়েছে।”

নাটকে দেখা যাবে, মফস্বল থেকে আগত মেধাবী অয়নের সাধারণ জীবনযাপনে মুগ্ধ হয়ে তাকে ভালোবেসে ফেলে সহপাঠী নবনী। নবনী তার ভালোলাগার কথা অয়নকে জানালে অয়ন তাতে খুব একটা পাত্তা দেয় না। সে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। তখন নবনীর সামনে চলে আসে তার ছোটবেলার বন্ধু শান্ত। পারিবারিক অবহেলা ও বাবা মায়ের বিচ্ছেদ শান্তকে ঠেলে দেয় আন্ডারওয়ার্ল্ডের পথে। শান্ত নানাভাবে নবনীর মন পেতে চেষ্টা করে। এক বান্ধবীর সহযোগিতায় নবনীর সান্নিধ্য পায়। তখন অয়ন ও অবনীর দূরত্ব বাড়তে থাকে। নবনী পুরো ব্যাপারটি অয়নের কাছে লুকিয়ে যায়। অয়ন দূরে সরে যায়। কিন্তু নবনী অয়নকেই ভালোবাসে। একদিন শান্তর কারণে জীবনের এক জটিল প্রশ্নের মুখোমুখি হয় নবনী। 

নাটকটি ভাঁটফুল অডিও ভিজ্যুয়ালের ব্যানারে নির্মিত হয়েছে।

পরিচালনায় আসার আগে আবু হায়াত মাহমুদ সহকারী পরিচালক হিসেবে বেশকটি নাটকে কাজ করেছেন। তার পরিচালনার প্রথম নাটক ‘ভালোবাসার সুবাতাস’ ২০১৩ সালে প্রচারিত হয়েছে।

প্রাঙ্গনেমোর নাট্যদলের নিয়মিত সদস্য আবু হায়াত ‘শ্যামাপ্রেম’, ‘রক্তকরবী’, ‘স্বদেশী’, লোকনায়ক’ এবং ‘আওরঙ্গজেব’ নাটকে অভিনয় করেছেন।