আইজিসিসিতে স্বাধীনতা দিবস
বাংলাদেশের ৪৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে ২৪ মার্চ থেকে তিনদিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি)।
গুলশানের আইজিসিসির ভবনে অনুষ্ঠানের প্রথম দিন কবিতা আবৃত্তি, দ্বিতীয় দিন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশনা এবং তৃতীয় দিন রয়েছে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী।
প্রথম দিনের অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন সৈয়দ শামসুল হক, নির্মলেন্দু গুণ, মুহম্মদ নূরুল হুদা, রফিক আজাদ, দিলার হাফিজ, আনোয়ারা সৈয়দ হক।
দ্বিতীয় দিন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তিন শিল্পী তপন মাহমুদ, শাহিন সামাদ ও তিমির নন্দী সংগীত পরিবেশন করবেন।
তৃতীয় দিনে সকাল থেকে প্রদর্শিত হবে নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত চলচ্চিত্র ‘একাত্তরের যীশু’ এবং তানভীর মোকাম্মেল পরিচালিত ‘রাবেয়া’ ও ‘জীবনঢুলি’ চলচ্চিত্র।
ভারতীয় হাইকমিশনের সংস্কৃতি চর্চা কেন্দ্র হিসেবে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে। শুরু থেকেই সংস্থাটি ভারতীয় সংগীত, নৃত্য, নাটক, কবিতা আবৃতি, চলচ্চিত্র ও শিল্পকর্ম প্রদর্শনীসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ও প্রশিক্ষণের প্রদানের ব্যবস্থা করছে। নানা জাতীয় দিবসেও অনুষ্ঠান আয়োজন করছে নিয়মিত।
