দ্বিতীয় বর্ষে রেডিও স্বাধীন
দ্বিতীয় বর্ষে পদার্পণ করল রেডিও স্বাধীন ৯২.৪ এফএম। এ উপলক্ষে শুক্রবার ঢাকার বনানীতে রেডিও স্বাধীন স্টেশনে দিনভর নানা আয়োজন ছিল।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় আরও উপস্থিত ছিলেন রেডিও স্বাধীনের চেয়ারম্যান আলী যাকের, রেডিও স্বাধীনের ব্যবস্থাপনা পরিচালক সারা যাকের, এশিয়াটিক এমসিএল-এর নির্বাহী পরিচালক নেভিল ফেরদৌস হাসান এবং এশিয়াটিক এমসিএল-এর নির্বাহী পরিচালক ইরেশ যাকের। আরও উপস্থিত ছিলেন রেডিও স্বাধীনের স্টেশন ইনচার্জ শ্রিয়া সর্বজয়া এবং মীর ফজলে রাব্বী।
আসাদুজ্জামান নূর বলেন, “জাতির উন্নয়নের ক্ষেত্রে এবং যুবসমাজকে আরও সংস্কৃতিমনা করতে রেডিও স্বাধীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি।”
আলী যাকের বলেন, “রেডিও স্বাধীনের নামের মধ্য দিয়েই এর পরিচয় ফুটে ওঠে। আমরা স্বাধীনতায় বিশ্বাস করি, তবে দায়িত্বজ্ঞানহীনতার মধ্য দিয়ে নয়। আর এ জন্যই রেডিও স্বাধীন স্বাধীনতা, দায়বদ্ধতা, রুচিশীলতা এবং দায়িত্ববোধের মধ্য দিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নবীন, প্রবীণ এবং সর্ব পর্যায়ের মানুষের জন্য বিনোদন তুলে ধরছে।”
সারা যাকের বলেন, “তারুণ্যের আনন্দ উল্লাসের পাশাপাশি ‘স্বাধীন প্রেরণা’, ‘ধর্ষণের বিরুদ্ধে যুদ্ধ’, ‘ব্রেস্ট ক্যান্সার মূলক সচেতনতা’ উদ্যোগগুলো আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে।”
