২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টিভ জবস বায়োপিকে ক্রিশ্চেন বেল

অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের নতুন বায়োপিকে অভিনয় করতে পারেন ক্রিশ্চেন বেল।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 04:01 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

কন্টাক্টমিউজিক জানায়, জবসকে নিয়ে এবার বায়োপিক তৈরি করতে চান হলিউডি নির্মাতা ডেভিড ফিঞ্চার এবং চিত্রনাট্যকার অ্যারন সরকিন। আর মূল ভূমিকায় তাদের প্রথম পছন্দ হলেন বেল।

দ্য র‌্যাপ ডটকম জানায়, সনি স্টুডিওর প্রযোজনায় জবসের উপর একটি বায়োপিক নির্মাণ করবেন ফিঞ্চার। কিন্তু কাজ শুরু করার আগেই তিনি শর্ত দিয়েছেন, মূল ভূমিকায় বেলকে নিতে হবে।

ফিঞ্চারের সঙ্গে মিলে এর আগে ‘দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু’ করেছে সনি। আর তাই পরিচালকের এই শর্তে সানন্দেই রাজি হয়েছেন স্টুডিওর চেয়ারম্যান এমি প্যাস্কাল।

র‌্যাপ আরও জানায়, অ্যাশটন কুচার অভিনীত জবসের বায়োপিকের চাইতে অনেকটাই আলাদা হবে এই সিনেমাটি। এর কাহিনি গড়ে উঠবে মূলত তিনটি দৃশ্য নিয়ে, তাতেই উঠে আসবে পুরো সিনেমার কাহিনি। প্রতিটি দৃশ্যে দেখানো হবে আলাদা আলাদা তিনটি অ্যাপল পণ্য। এখানে দেখানো হবে ১৯৮৪ সালের ‘ম্যাক’ কম্পিউটার, ‘নেক্সট’ কম্পিউটার-- যা বাণিজ্যিকভাবে অসফল হয়েছিল এবং ‘আইপড’, যা জবসকে পৌঁছে দিয়েছে খ্যাতির শীর্ষে।

দ্য ডেইলি বিস্টকে চিত্রনাট্যকার সরকিন বলেন, “এই সিনেমায় কোনো ‘কাট’ থাকবে না। পুরো সিনেমাটি একবারে ধারণ করা হবে। শুধুমাত্র নতুন পণ্য উদ্বোধনের সময় ‘কাট’ করা হবে।”

তিনি আরও বলেন, “আপনাদের হয়ত মনে নেই, জবস তার ক্যাম্পেইন শুরু করেছিলেন একটি স্লোগান দিয়ে, তা হল ‘থিংক ডিফ্রেন্ট’। আমি যদি এই স্লোগান দিয়ে সিনেমাটি শেষ করতে পারি, তবেই ভাবব আমি যে রকম লিখতে চেয়েছিলাম তেমনই হয়েছে।”

ফিঞ্চার এবং সরকিনের এই বায়োপিক হতে পারে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃত জবসের বায়োপিক। কারণ এর কাহিনি নেওয়া হবে লেখক ওয়াল্টার আইজ্যাকসনের লেখা বই ‘স্টিভ জবস: দ্য এক্সক্লুসিভ বায়োগ্রাফি’ থেকে।

সিনেমাপ্রেমীদের অনেকের কাছেই পরিচালক ডেভিড ফিঞ্চারের নাম অজানা। কিন্তু তার সিনেমাগুলো দেখেননি, এমন হলিউডপ্রেমী খুঁজে পাওয়া ভার।

‘এলিয়েন থ্রি’, ‘সেভেন’, ‘দ্য গেইম’, ‘ফাইট ক্লাব’, ‘প্যানিক রুম’, ‘জোডিয়াক’, ‘কিউরিয়াস কেইস অফ বেঞ্জামিন বাটন’, ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’, ‘দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু’, টিভি সিরিজ ‘হাউজ অফ কার্ডস’ ফিঞ্চারের প্রতিভা বিচার করতে হলে এই তালিকাই যথেষ্ট।

থ্রিলার ভক্তদের জন্য ফিঞ্চার এ বছর উপহার দিবেন ‘গন গার্ল’। বছরের বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় অন্যতম এই মুভিতে অভিনয় করেছেন বেন অ্যাফ্লেক।

হলিউডি চিত্রনাট্যকারদের মধ্যে সরকিনের নাম সবসময়ই থাকে প্রথম সারিতে। নব্বই দশকের কয়েকটি ব্যবসাসফল সিনেমা-- ‘এ ফিউ গুড মেন’, ‘ম্যালিস’, ‘দ্য আমেরিকান প্রেসিডেন্ট’-সহ ‘দ্য সোশাল নেটওয়ার্ক’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন সরকিন।

এছাড়াও জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য নিউজরুম’-এর নির্মাতা ছিলেন তিনি।

ফিঞ্চার এবং সরকিনের এই বায়োপিকে অভিনয়ের জন্য এখনও আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি ক্রিশ্চেন বেলকে। আপাতত রিডলি স্কটের ‘এক্সোডাস’ সিনেমার শুটিং শেষ করেছেন বেল।

‘অ্যাপল’-এর প্রতিষ্ঠাতা স্টিভ জবস মারা যান ২০১১ সালে। অগ্নাশয়ের ক্যান্সারে ভুগছিলেন তিনি।