২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাজিরাও মাস্তানি’তে প্রিয়াঙ্কা?

বলিউডি নির্মাতা সঞ্জয় লীলা বনসালির সিনেমা ‘বাজিরাও মাস্তানি’তে বাজিরাওয়ের স্ত্রী কাশিবাইয়ের চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2014, 04:31 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

মিডডে জানায়, কাশিবাইয়ের চরিত্রে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা। সিনেমায় এটি মূল চরিত্র না হলেও খুবই গুরুত্বপূর্ণ চরিত্র।

আরেকটি সূত্র জানায়, কাশিবাই  প্রধান চরিত্র না হলেও এর জন্য প্রয়োজন অভিনয়ের দক্ষতা। আর তাই দক্ষ অভিনেত্রী হিসেবে প্রিয়াঙ্কাকে নেওয়া হয়েছে।

ষোড়শ শতকে ভারতের মারাঠা সাম্রাজ্যের প্রধান বাজিরাও এবং তার প্রেমিকা মাস্তানির প্রেমকাহিনি নিয়ে গড়ে উঠবে ‘বাজিরাও মাস্তানি’র গল্প।

বাজিরাওয়ের প্রথম স্ত্রী ছিলেন কাশিবাই। এরপর তিনি মাস্তানিকে বিয়ে করেন। বাজিরাও মারা যাওয়ার কিছুদিন পরেই আত্মহত্যা করেছিলেন মাস্তানি।

বাজিরাও মাস্তানির প্রেম কাহিনিকে ইতিহাসের অন্যতম দুর্ভাগ্যজনক প্রেমকাহিনি বলা হয়।

২০০৩ সালে প্রথম ‘বাজিরাও মাস্তানি’ সিনেমা নির্মাণের ইচ্ছাপ্রকাশ করেছিলেন বনসালি।

তিনি তখন জানান, সিনেমার মূল দুই চরিত্রে অভিনয় করবেন সালমান খান এবং ঐশ্বরিয়া রাই।

কিন্তু পরবর্তীতে ঐ সিনেমায় অভিনয় করতে অপারগতা জানান ঐশ্বরিয়া। এরপর দীর্ঘ সময় বন্ধ ছিল ‘বাজিরাও মাস্তানি’র কাজ।

সম্প্রতি নতুন করে ‘বাজিরাও মাস্তানি’র জন্য কলাকুশলি খোঁজা শুরু করেন বনসালি। এতে বাজিরাওয়ের ভূমিকায় কে অভিনয় করবেন, তা নিয়ে বলিউডে শুরু হয় নতুন গুঞ্জন।

বলিউড রিপোর্টার জানায়, সালমান খান কিংবা শাহরুখ খান নয়, বাজিরাওয়ের ভূমিকায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অজয় দেবগণ।

‘রামলীলা’তে দীপিকা পাড়ুকোনের সঙ্গে কাজ করার পর তাকে মাস্তানির চরিত্রে নিতে চাচ্ছেন বনসালি, এমনটাও শোনা গেছে।

তবে এখন পর্যন্ত বনসালির কাছ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।