‘শুদ্ধি’তে রনভির-দীপিকা
‘শুদ্ধি’ সিনেমায় দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয়ের জন্য শীঘ্রই চুক্তিবদ্ধ হবেন রনভির সিং।
মিরর পত্রিকাকে এক সূত্র জানায়, এই সিনেমায় হৃত্বিক রোশনের অভিনয় করার কথা থাকলেও তার স্থানে এবার নেওয়া হবে রনভিরকে।
সূত্র আরও জানায়, বর্তমানে দিল্লিতে নির্মাতা শাদ আলির সিনেমা ‘কিল দিল’-এর শুটিং করছেন রনভির। ওখানে কাজ শেষ হলেই মুম্বাই ফিরে কারান জোহরের সঙ্গে দেখা করবেন তিনি, সেইসঙ্গে ‘শুদ্ধি’র জন্য চুক্তি স্বাক্ষর করবেন।
এর আগে মার্চের মাঝামাঝি সময়ে ‘শুদ্ধি’র নির্মাতা কারান মালহোত্রা এবং প্রযোজক কারান জোহরের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছিলেন রনভির।
নায়িকা চরিত্রে চূড়ান্ত করা হয়েছে দীপিকাকে।
মিরর জানায়, যখন প্রাথমিকভাবে কারিনা কাপুর খানকে এই সিনেমার জন্য নেওয়া হয়েছিল তখনও পরিচালকের প্রথম পছন্দ ছিলেন দীপিকা।
আর তাই কারিনা এই সিনেমা থেকে নিজের নাম কাটিয়ে নেওয়ার পর এবার দীপিকাকেই নিচ্ছেন তারা।
কারান জোহর প্রযোজিত সিনেমা ‘শুদ্ধি’তে অভিনয় করার কথা ছিল হৃত্বিক রোশন এবং কারিনা কাপুর খানের।
কিন্তু ২০১৩ সালে মস্তিষ্কে আঘাত পাওয়ার পর অস্ত্রোপচার করেন হৃত্বিক, এরপর সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার জন্য ছয় মাসের ছুটি নিয়েছিলেন তিনি।
এদিকে থেমে ছিল ‘শুদ্ধি’র কাজ।
শিডিউলের কারণে শেষ পর্যন্ত ‘শুদ্ধি’তে কাজ না করার সিদ্ধান্ত নেন কারিনা। ছুটি শেষে হৃত্বিকও ব্যস্ত হয়ে পড়েন অন্য সিনেমার কাজে।
‘শুদ্ধি’র ব্যাপারে খুবই গোপনীয়তা বজায় রাখছেন কারান জোহর। সিনেমাটির কাহিনি কেমন হবে, কিংবা কোথায় হবে এর শুটিং তা এখনও কেউ জানে না।
এর আগে গুঞ্জন উঠেছিল, ‘শুদ্ধি’র জন্য নিজের শরীরে ‘সিক্স প্যাক’ বানাচ্ছেন কারিনা। এখন দীপিকাকে ‘সিক্স প্যাক’ বানাতে হবে কি না, তা জানা যায়নি।
হাল সময়ের জনপ্রিয় বলিউডি জুটি দীপিকা এবং রনভিরকে ধরা হয় নতুন প্রজন্মের শিল্পী হিসেবে।
২০০৮ সালে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘ওম শান্তি ওম’-এর মাধ্যমে বলিউডে পা রাখেন মডেল দীপিকা পাড়ুকোন।
২০১০ সালে ইয়াশ রাজ ফিল্মসের সিনেমা ‘ব্যান্ড বাজা বারাত’এর মাধ্যমে অভিষেক ঘটে রনভির সিংয়ের। যেখানে তার সঙ্গে অভিনয় করেছিলেন আনুশকা শর্মা।
রনভির সিংয়ের ভক্তরা অনেকেই জানেন না, তিনি হলেন অভিনেত্রী সোনম কাপুরের জ্ঞাতি ভাই। সোনমের মা এবং অনিল কাপুরের স্ত্রী সুনিতা কাপুরের ভাইয়ের ছেলে হলেন রনভির।
২০১৪ সালে রনভিরকে দেখা যাবে ‘কিল দিল’ সিনেমায়। যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন পরিনীতি চোপড়া।
