ট্যাটামের ‘দ্য সন’
নতুন হলিউডি সিনেমা ‘দ্য সন’-এ অভিনয় করবেন শ্যানিং ট্যাটাম। সিনেমাটি পরিচালনাও করবেন তিনি।
ডেডলাইন জানায়, নরওয়েজিয়ান লেখক জো নেসবোর উপন্যাস ‘দ্য সন’ থেকে নেওয়া হবে এই সিনেমার কাহিনি। ক্রাইম থ্রিলার ধাঁচের সিনেমাটি ট্যাটামের সঙ্গে মিলে পরিচালনা করবেন রিড ক্যারোলিন।
প্রযোজনার দায়িত্বে থাকবে প্রোডাকশন ল্যাংলি পার্ক। আর নির্বাহী প্রযোজক হিসেবে থাকবেন লেখক নেসবো এবং নিকোলাস সলোমনসন।
এই উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে একজন যুবককে নিয়ে। যিনি কারাগারে বন্দি আছেন এমন এক অপরাধের দায়ে, যা তিনি করেননি।
কাহিনিতে দেখা যায়, ছেলেটির বাবা ছিলেন একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার। ছেলেটি জেলখানায় থাকা অবস্থায় তিনি আত্মহত্যা করেন। কিন্তু পরে ছেলেটি জানতে পারে তার বাবাকে খুন করা হয়েছে। আর তখন বাবার খুনের প্রতিশোধ নিতে সে জেলখানা থেকে পালিয়ে যায়।
‘দ্য সন’ উপন্যাস নরওয়েতে প্রকাশিত হয়েছে ১৯ মার্চ। প্রকাশের পরপরই একে নিয়ে সিনেমা তৈরির ঘোষণা দেওয়া হয়।
আসছে বছরগুলোতে আরও অনেকগুলো সিনেমা তৈরি হবে লেখক নেসবোর উপন্যাস থেকে। এর মধ্যে একটি হল উপন্যাস ‘দ্য স্নোম্যান’।
ডেডলাইন জানায়, ‘দ্য স্নোম্যান’ নিয়ে সিনেমা তৈরি করবেন মার্টিন স্করসেসি এবং এর চিত্রনাট্য লিখবেন ম্যাথিও মাইকেল করনাহান। নেসবোর উপন্যাস ‘ব্লাড অন স্নো’-এর উপরও নির্মিত হবে হলিউডি সিনেমা।
এদিকে ২০১৪ সাল বেশ ব্যস্ততার মধ্যে কাটবে ৩৩ বছর বয়সী অভিনেতা ট্যাটামের। চলতি বছর মুক্তি পাবে ট্যাটামের চারটি সিনেমা -- ‘ফক্সক্যাচার’, ‘জুপিটার অ্যাসেন্ডিং’, ‘২২ জাম্প স্ট্রিট’ এবং ‘বুক অফ লাইফ’।
এর মধ্যে ‘জুপিটার অ্যাসেন্ডিং’-এ ট্যাটামকে দেখা যাবে অভিনেত্রী মিলা কিউনিসের বিপরীতে। সাইফাই ধাঁচের সিনেমাটি মুক্তি পাবে ১৮ জুলাই।
তিনি কাজ করছেন সিনেমা ‘ম্যাজিক মাইক টু’-এর। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ট্যাটাম নিজে। এখানে তার সঙ্গে অভিনয় করবেন অস্কারজয়ী অভিনেতা ম্যাথিও ম্যাকনহে।
