বিয়ের অনুমতি চাইলেন কুচার
প্রেমিকা মিলা কিউনিসকে বিয়ে করার জন্য কিউনিসের বাবার কাছে অনুমতি চেয়েছেন অভিনেতা অ্যাশটন কুচার।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, প্রেমিকাকে বিয়ের জন্য সব ধরনের সামাজিক প্রথাকে গুরুত্ব দিচ্ছেন কুচার। আর তাই ২০১৩ সালে বড়দিনের ছুটিতে মিলা কিউনিসের বাবা মার্ক কিউনিসের সঙ্গে বসে আলোচনা করেছেন তিনি।
কন্টাক্টমিউজিক এক সূত্রের বরাতে জানিয়েছে, কিউনিসকে বিয়ে করার জন্য তার বাবার কাছে অনুমতি চেয়েছেন ৩৬ বছর বয়সী কুচার। তাদের বিবাহিত জীবন যেন সুখী হয়, সে আশীর্বাদও কামনা করেছেন মার্ক কিউনিসের কাছে।
সূত্রটি আরও জানায়, সামাজিক ঐতিহ্যকে সম্মান করা এবং তা মেনে চলা কুচারের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রথাগুলো তিনি খুবই মেনে চলেন।
সাবেক স্ত্রী ডেমি মুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকে জনসম্মুখে কোনো প্রকার গোপনীয়তা ছাড়াই প্রেম করেছেন ৩০ বছর বয়সী কিউনিস এবং কুচার। তবে ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদমাধ্যমে কখনও মুখ খোলেননি তারা।
নব্বইয়ের দশকে ‘দ্য সেভেন্টিস শো’ অনুষ্ঠানে কাজ করতে গিয়ে কিউনিসের সঙ্গে পরিচয় হয় কুচারের। এরপর দীর্ঘ সময় তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না।
কিন্তু সাবেক স্ত্রী ডেমি মুরের সঙ্গে দূরত্ব সৃষ্টির পর থেকে কিউনিসের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে কুচারের।
২০১২ সাল থেকে প্রেম করছেন হলিউডের এই জনপ্রিয় তারকা জুটি।
চলতি বছরের শেষেই তাদের গাঁটছড়া বাঁধার ইচ্ছা আছে বলে জানিয়েছে এক ঘনিষ্ঠ সূত্র।
‘দ্য বাটারফ্লাই ইফেক্ট’, ‘জবস’, ‘জাস্ট ম্যারিড’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন কুচার। তার অভিনয় ক্যারিয়ার শুরু হয় ১৯৯৮ সালে ‘দ্য সেভেন্টিস শো’ থেকে।
চলতি বছর কোনো সিনেমায় কাজ করছেন না কুচার। তবে টিভি সিরিজ ‘টু অ্যান্ড এ হাফ মেন’-এ নিয়মিত থাকবেন তিনি।
অভিনেত্রী মিলা কিউনিসেরও ক্যারিয়ার শুরু হয়েছিল ‘দ্য সেভেন্টিস শো’র মধ্য দিয়ে। কিন্তু হলিউডে তার খ্যাতি ছড়িয়ে পড়ে ২০০৮ সালের সিনেমা ‘ফরগেটিং সারাহ মার্শাল’ মুক্তির পর।
আবেদনময়ী এই অভিনেত্রী অভিনয় করেছেন ‘ম্যাক্স পেইন’, ‘বুক অফ ইলাই’, ‘ফ্রেন্ডস উইথ বেনেফিটস’, ‘টেড’, ‘ওজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল’ এবং ‘ব্ল্যাক সোয়ান’-এর মতো সিনেমায়।
চলতি বছর কিউনিসকে দেখা যাবে দুটি সিনেমায়-- ‘দ্য অ্যাংরিয়েস্ট ম্যান ইন ব্রুকলিন’ এবং ‘জুপিটার অ্যাসেন্ডিং’।
