‘কারস’ এবং ‘দ্য ইনক্রেডিবলস’-এর সিকুয়েল
অ্যানিমেটেড কমেডি ‘দ্য ইনক্রেডিবলস’ এবং ‘কারস’এর সিকুয়েল নির্মাণের কথা জানিয়েছেন ডিজনি চেয়ারম্যান রবার্ট ইগার।
ডিএনএ পত্রিকার এক প্রতিবেদনে ইগার জানান এখনও নির্ধারিত হয়নি সিনেমা দুটির মুক্তির তারিখ। তবে পরিচালক ব্র্যাড বার্ড দুটি সিনেমার কাহিনির উপর কাজ করছেন।
এই খবর প্রকাশের পরপরই ডিজনি পিক্সার তাদের ফেইসবুক পেইজে সিনেমা দুটোর খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।
২০১১ সালে মুক্তি পেয়েছে ‘কারস’ সিরিজের দ্বিতীয় সিনেমা ‘কারস টু’। এরপর ডিজনিটুন স্টুডিওস নির্মাণ করেছে এই সিনেমার ‘স্পিন-অফ’ (মূল কাহিনি থেকে বিশেষ কোনো চরিত্র নিয়ে আরেকটি কাহিনি তৈরি করা) মুভি ‘প্লেনস’। যা মুক্তি পায় ২০১৩ সালে।
এবার ‘প্লেনস’ মুভির সিকুয়েল ‘প্লেনস: ফায়ার অ্যান্ড রেস্কিউ’ মুক্তি পাবে চলতি বছরের ১৮ জুলাই।
অ্যানিমেটেড সুপারহিরো ফিল্ম ‘দ্য ইনক্রেডিবলস’ মুক্তি পায় ২০০৪ সালে। সিনেমাটি বিশ্বব্যাপী ৬৩ কোটি ডলার আয় করে।
অপরদিকে ‘কারস’ সিরিজের প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৬ সালে। এরপর ২০১১ সালে মুক্তি পায় ‘কারস টু’। সিনেমা দুটি বিশ্বব্যাপী যথাক্রমে ৪৬ কোটি ২০ লাখ এবং ৫৬ কোটি ডলার আয় করেছিল।
ডিজনি পিক্সারের আগামী সিনেমা অ্যানিমেটেড কমেডি ‘ইনসাইড আউট’। সিনেমাটি মুক্তি পাবে ২০১৫ সালের ১৯ জুন।
