ইস্টউডের সিনেমায় সিয়েনা মিলার
ক্লিন্ট ইস্টউড পরিচালিত ‘আমেরিকান স্নাইপার’ নামে নতুন সিনেমায় অভিনয় করবেন ব্রিটিশ অভিনেত্রী সিয়েনা মিলার।
কন্টাক্টমিউজিক জানিয়েছে, প্রয়াত নেভি স্নাইপার ক্রিস কাইলকে নিয়ে নির্মিত হবে একটি জীবনীভিত্তিক সিনেমা, যেখানে কাইলের স্ত্রী টায়া কাইলের ভূমিকায় অভিনয় করবেন মিলার।
কাইলের স্মৃতিচারণমূলক গ্রন্থ থেকে নেওয়া হবে এর কাহিনি। আর কাইলের চরিত্রে অভিনয় করতে পারেন ব্র্যাডলি কুপার।
এখানে উঠে আসবে কাইলের সামরিক ও ব্যক্তিগত জীবনের কাহিনি।
দ্য র্যাপ ডটকম জানায়, বেশ কয়েকজন অভিনেত্রীর অডিশন নেওয়ার পর মিলারকে এই চরিত্রের জন্য বাছাই করা হয়েছে। এসব অভিনেত্রীর মধ্যে ছিলেন ‘থর’-খ্যাত জেমি আলেকজান্ডার এবং ‘হাউজ অফ কার্ডস’এর কেইট মারা।
২০১৩ সালে সিনেমাটির কাজ শুরু করার কথা ছিল। কিন্তু নির্মাতা স্টিভেন স্পিলবার্গ পরিচালনা করতে অপারগতা জানালে তার স্থানে আসেন ইস্টউড। এবার চলতি বছরের এপ্রিল থেকে শুরু হবে এই সিনেমার কাজ।
আমেরিকান স্নাইপার হিসেবে খ্যাত ক্রিস গাইলকে বলা হয় মার্কিন সামরিক ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী শুটার। সামরিক ক্যারিয়ারে তিনি নিশ্চিতভাবে ১৬৫ জনকে গুলি করে হত্যা করেছেন। ইরাকের বিদ্রোহীদের কাছে তিনি ‘ডেভিল অফ রামাদি’ হিসেবে পরিচিত ছিলেন।
২০১৩ সালের ফেব্রুয়ারিতে টেক্সাসে আততায়ীর গুলিতে মারা যান ৩৮ বছর বয়সী কাইল।
অভিনেত্রী সিয়েনা মিলার অভিনয় করছেন ২০০১ সাল থেকে। মূলত ব্রিটিশ সিনেমায় অভিনয়ের পাশাপাশি আমেরিকান সিনেমাতেও দেখা যায় তাকে। ‘লেয়ার কেক’, ‘আলফি’, ‘ফ্যাক্টরি গার্ল’, ‘জি আই জো’-এর মত সিনেমাতে অভিনয় করেছেন তিনি।
এ বছর মুক্তি পাবে মিলারের দুটি সিনেমা, ‘ফক্স ক্যাচার’ এবং ‘মিসিসিপি গ্রাইন্ড’।
