২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্চমুকুটের নাট্যোৎসব

চট্টগ্রামের মঞ্চমুকুট নাট্য সম্প্রদায় ৩০ বছর পূর্তি উপলক্ষে তিনদিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে। শুক্রবার বিকাল ৫টা থেকে চট্টগ্রামের থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে শুরু হবে নাট্যোৎসব।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 05:38 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

উৎসবের উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মঈনুল ইসলাম এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

দলের অন্যতম সদস্য সুচরিত দাশ খোকন গ্লিটজকে জানান, উদ্বোধনী দিনে মঞ্চমুকুট মঞ্চস্থ করবে নাটক ‘প্রথম পার্থ’। নাটকটি নির্দেশনা দিয়েছেন সুচরিত দাশ খোকন। নাটকটি থিয়েটার ইনস্টিটিউটের ল্যাবরেটরি হল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে। এটি মঞ্চমুকুটের ১৮তম প্রযোজনা। উৎসবের দ্বিতীয় দিনও একই স্থান ও সময়ে প্রদর্শিত হবে নাটকটি।

রোববার সমাপনী দিনে মঞ্চস্থ হবে নাটক ‘বিয়ে’। এর নির্দেশনাও খোকনের। এটি দলের ১৯তম প্রযোজনা।

নাটক মঞ্চায়নের আগে দলের সদস্যরা পরিবেশন করবে পথনাটক ‘আদাব’। সমরেশ বসুর কাহিনি অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন শুকদেব চট্টোপাধ্যায়। নির্দেশনা করেন আহমেদ ইকবাল হায়দার।

এটি দলের ৪র্থ পথনাটক।

নাটকের পাশাপাশি উৎসবে থাকছে সংগীত, নৃত্য এবং আবৃত্তির আসর। স্থানীয় বিভিন্ন সংগঠনের শিল্পীরা এতে পারফর্ম করবেন।

১৯৮৪ সালের ৪ মার্চ যাত্রা শুরু করে মঞ্চমুকুট নাট্য সম্প্রদায়। প্রতিষ্ঠালগ্ন থেকে দলটি এ যাবৎ ১৯টি নাটকের প্রায় ১ হাজার ৬০০ প্রদর্শনী সম্পন্ন করেছে।