২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় ‘পঞ্চনারী আখ্যান’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের ‘পঞ্চনারী আখ্যান’। এ নাটকে পাঁচ নারী চরিত্রে একাই অভিনয় করছেন রোজী সিদ্দিকী।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 05:36 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

ঢাকা থিয়েটারের ৩৭তম প্রযোজনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন শহীদুজ্জামান সেলিম। দলের হয়ে এটিই তার প্রথম নির্দেশনা। নাটকটির রচয়িতা হারুন রশীদ। শিল্পকলায় ২০১২ সালের নভেম্বরে নাটকটির প্রথম মঞ্চায়ন হয়।

নাটকে রোজী সিদ্দিকী অভিনীত চরিত্রগুলোর নাম জোলেখা, অন্তরা, মনোরমা, মরিয়ম এবং মমতাজ।

এ পাঁচ চরিত্রের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের পাঁচ নারীর মর্মন্তুদ জীবনকাহিনি উঠে এসেছে।

প্রাণভয়ে পালিয়ে বেড়ানো জোলেখার গল্প দিয়ে শুরু হবে নাটক। এরপর রঙিন দুনিয়ার মানুষ অন্তরা এসে শোনাবে তার অন্তরালের কথা। মেডিকেল সার্টিফিকেটে সন্তান না হওয়ার দায় স্বামীর হলেও পরিবার ও সমাজ মনোরমাকে দোষারোপ করে। আর স্বামীর ‍অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ঘরছাড়া হয় মরিয়ম।

সবশেষে মঞ্চে উঠে আসে মোগল সম্রাট শাহজাহানের পত্নী মমতাজ মহল। ‘প্রেমের তাজমহল’-এর নিচে শুয়ে থাকা মমতাজের কণ্ঠে তখন অভিমানের সুর। সম্রাট তার সমাধির উপর তাজমহল নির্মাণ করলেও এর পেছনে লুকিয়ে থাকা অনেক বঞ্চনার ইতিহাস বলে মমতাজ।

এ নাটকের সহকারী নির্দেশক হিসেবে রয়েছেন রুবাইয়াৎ আহমেদ ও সাইদ রিংকু।

মঞ্চ পরিকল্পনা করেছেন আফজাল হোসেন, সংগীত পরিকল্পনায় রয়েছেন শিমূল ইউসুফ ও চন্দন চৌধুরী এবং পোশাক পরিকল্পনায় আছেন নাসরিন নাহার।