২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউটু-তে ভাঙন?

৩৮ বছর ধরে একত্রে পথ চলার পর এবার ভাঙনের সুর শোনা যাচ্ছে আইরিশ রক ব্যান্ড ইউটু-তে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 09:35 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

এর আগে বনো জানিয়েছিলেন, ইউটুর জনপ্রিয়তা নিয়ে যথেষ্ট সন্দিহান তিনি। নতুন কোনো অ্যালবাম বের করা কতখানি ঠিক সিদ্ধান্ত হবে, তা নিয়েও ভাবছেন তারা।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, বনোকে এককভাবে গান গাওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন অনেকেই। তার একক অ্যালবাম বের করার কথাও শোনা গেছে ইতোমধ্যে।

সর্বশেষ ২০০৯ সালে অ্যালবাম প্রকাশ করেছে ইউটু, যার নাম ছিল ‘নো লাইন অন দ্য হরাইজন’। এই অ্যালবামের পর একটি ধারাবাহিক অ্যালবাম বের করার কথা থাকলেও এখনও তা করেনি ব্যান্ডটি।

এদিকে ইউটুর নতুন অ্যালবামের জন্য অধীর আগ্রহে অপেক্ষার পর রীতিমতো ক্ষুব্ধ এখন ভক্তরা। ইন্টারনেটে বিভিন্নভাবে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন তারা। অনেকেই বলছেন, নিজেদের ‘প্রতিজ্ঞা’ ভঙ্গ করেছে ইউটু।

২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত চলা ইউটুর ওয়ার্ল্ড ট্যুর ‘থ্রি হান্ডড্রেড অ্যান্ড সিক্সটি ডিগ্রি’ ছিল সর্বকালের সেরা ব্যবসাসফল ট্যুরের মধ্যে একটি।

কিন্তু এরপরও তাদের খ্যাতি নিয়ে সন্দেহ থাকার বিষয়টি মেনে নিতে পারছে না ভক্তকুল।

আইরিশ রক ব্যান্ড ইউটু যাত্রা শুরু করে ১৯৭৬ সালে। ওই সময় ডাবলিনের এক হাইস্কুলে পড়া চার কিশোর-- বনো (ভোকাল), দ্য এজ (লিড গিটারিস্ট), অ্যাডাম ক্লেইটন (বেইজিস্ট) এবং ল্যারি মুলেন জুনিয়রের (ড্রামার) গঠন করা দলটিই বর্তমান বিশ্বের অন্যতম প্রভাবশালী মিউজিকাল ব্যান্ড। তাদের প্রথম অ্যালবাম ‘বয়’ প্রকাশিত হয় ১৯৮০ সালে।

আশির দশকের মাঝামাঝি সময় থেকে ব্যান্ডটি আন্তর্জাতিক পরিচিতি লাভ করে। দীর্ঘ ৩৮ বছরে বিশ্বসংগীতে বিপুল পরিমাণ ভক্ত জুটিয়েছে ইউটু। এখনকার সংগীতের অনেক ধারায় ইউটুর গানের প্রভাব পাওয়া যায়।