২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভূতনাথ রিটার্নস’ নিয়ে আশাবাদী শাহরুখ

অমিতাভ বচ্চন অভিনীত হরর কমেডি সিনেমা ‘ভূতনাথ রিটার্নস’ এ বছর থাকতে পারে সেরা তিন ব্যবসাসফল সিনেমার তালিকায়-- এমনটাই আশা করছেন অভিনেতা শাহরুখ খান।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 09:27 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

এনডিটিভি জানায়, শাহরুখের কাছ থেকে অপ্রত্যাশিতভাবে এ রকম প্রশংসা পেয়ে খুবই খুশি হয়েছেন অমিতাভ।

সম্প্রতি টুইটারে তিনি লেখেন, “ভূতনাথের সেটে এসে শাহরুখ আমাকে সম্পূর্ণ চমকে দিয়েছেন। তার উপর বলেছেন এই সিনেমাটি এবছরের সেরা সিনেমাগুলোর একটি হবে। আপনার মুখে ফুল চন্দন পড়ুক!”

২০০৮ সালে মুক্তি পাওয়া অমিতাভ বচ্চনের সিনেমা ‘ভূতনাথ’-এর সিক্যুয়াল হল ‘ভূতনাথ রিটার্নস’। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন অমিতাভ, ঊষা যাদব এবং বোমান ইরানি।

প্রথম সিনেমার মতো এবারের সিনেমাটিতেও অতিথি চরিত্রে থাকবেন শাহরুখ খান। এছাড়া সিনেমায় একটি আইটেম গানে নাচবেন অভিনেতা রনবীর কাপুর।

‘ভূতনাথ’ সিরিজ ছাড়াও এর আগে বেশ কয়েকটি সিনেমায় একত্রে অভিনয় করেছেন অমিতাভ এবং শাহরুখ। ‘মোহাব্বতে’(২০০০), ‘কাভি খুশি কাভি গাম’ (২০০১) এবং ‘কাভি আলভিদা না কেহনা’ (২০০৬) সিনেমায় একত্রে অভিনয় করেছেন তারা।

এছাড়া শাহরুখ অভিনীত ২০০৫ সালের সিনেমা ‘পাহেলি’-তে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ।

শাহরুখের সঙ্গে এর আগে অভিনয় করলেও রনবীরের সঙ্গে কোনো সিনেমায় এখনও দেখা যায়নি অমিতাভকে। তবে রনবীরের সিনেমায় কোনো ছোটখাটো চরিত্র হলেও কাজ করতে ইচ্ছাপোষণ করেছেন অমিতাভ।

এদিকে ডিএনএ পত্রিকা সম্প্রতি জানিয়েছে, জাদুকর পিসি সরকারের উপর নির্মিত হবে একটি আত্মজীবনীমূলক সিনেমা। যেখানে বাবা এবং ছেলের ভূমিকায় অভিনয় করতে পারেন অমিতাভ-রনবীর।

সিনেমাটিতে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে এই দুই অভিনেতাকে। কিন্তু প্রস্তাবে তারা সাড়া দিয়েছেন কি না, তা এখনও জানা যায়নি।

‘ভূতনাথ রিটার্নস’ মুক্তি পাবে ১১ এপ্রিল।