২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্চে ফিরছেন দ্বীপান্বিতা

ছয় বছর পর মঞ্চে ফিরে আসছেন অভিনেত্রী দ্বীপান্বিতা হালদার। দেশ নাটকের সাবেক সদস্য দ্বীপান্বিতা এবার মঞ্চে নিয়মিত হবে বলে গ্লিটজকে জানিয়েছেন।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 09:17 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

দ্বীপান্বিতা বলেন, “টিভিনাটকে টানা কাজ করে আমি ক্লান্ত। প্রাণোদ্যম ফিরে পেতে আমি আবার মঞ্চে ফিরছি। শুধু তাই নয়, নিজেকে ঝালিয়ে নিতেও মঞ্চনাটকই বড় জায়গা।”

দ্বীপান্বিতা  দেশ নাটকে যোগ দিয়েছিলেন ২০০০ সালে। এ দলের হয়ে তিনি ‘বীর শাবক’, ‘নিত্যপুরাণ’ এবং ‘দর্পনে শরৎশশী’ নাটকে অভিনয় করেছেন।

এর আগে ১৯৯৬ সালে দ্বীপান্বিতা থিয়েটার সেন্টারের মাধ্যমে মঞ্চে আসেন। একটি পরীক্ষামূলক নাটকে তিনি এসিড আক্রান্ত মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। এরপর নাগরিক নাট্যাঙ্গনে যোগ দিয়ে অভিনয় করেন ‘চাঁদ বণিকের পালা’ নাটকে।

১৯৯৫ সালে বিটিভির শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করা দ্বীপান্বিতা অভিনীত নাটকের সংখ্যা প্রায় ১০০। এর মধ্যে ধারাবাহিকের সংখ্যাই বেশি।

সম্প্রতি তিনি অভিনয় করলেন স্বাধীনতা দিবসের নাটক ‘ছয় নম্বর সাক্ষী’ তে। এতে তিনি রাইসুল ইসলাম আসাদের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন। নাটকে তার চরিত্রের নাম হীরা।

এতে দেখা যাবে, এক ঘরামীর মেয়ে হীরা তার বাবাকে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে

রাজাকারদের বিরুদ্ধে সাক্ষী দিতে অনুপ্রাণিত করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে উঠে রাজাকার পক্ষ। হীরা বিয়ের সমন্ধ এলে তাদের কাছে হীরা সম্পর্কে কুৎসা রটায় তারা। হীরার পরিবারকে শাসিয়ে যায় বাবা যদি আদালতে সাক্ষ্য দেয় তবে ক্ষতিই হবে। তাতে ভয় পায় না বাবা ও হীরা। আদালতে সাক্ষী দেয় বাবা।

নাটকটি ২৬ মার্চ চ্যানেল আইতে প্রচারিত হবে জানান দ্বীপান্বিতা।

তিনি এখন মাতিয়া বানু শুকুর পরিচালনায় ‘ধন্যি মেয়ে’ ধারাবাহিকে অভিনয় করছেন। এতে তার চরিত্রের নাম বিপাশা। এছাড়াও তিনি ‘টিট ফর ট্যাট’, ‘তুমি’, ‘কালো মখমল’, ‘প্রজ্ঞা পারমিতা’ এবং ‘গোকণে’ ধারাবাহিকে অভিনয় করছেন।

২০০৮ সালে প্রথমবারের মতো স্বামী অনিমেষ আইচের নাটকে অভিনয় করেছেন দ্বীপান্বিতা। নাটকের নাম ‘অজ্ঞাতনামা’।