২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যানিস্টনকে নিয়ে জোলির আশঙ্কা

সাবেক স্ত্রী জেনিফার অ্যানিস্টনের আত্মজীবনীতে উঠে আসতে পারে ব্র্যাড পিটের অতীতের কোনো বেফাঁস তথ্য, এমনটাই আশংকা পিটের বাগদত্তা অ্যাঞ্জেলিনা জোলির।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 06:09 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

ব্যাং শোবিজ জানায়, ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন ভক্তদের সামনে তুলে ধরার জন্য এবার আত্মজীবনী লিখবেন অ্যানিস্টন। তবে অ্যানিস্টনের এই বই প্রকাশের খবর জানার পর চিন্তিত হয়ে পড়েছেন জোলি।

অভিনেতা ব্র্যাড পিটের সাবেক স্ত্রী অ্যানিস্টনের সঙ্গে বেশ কয়েক বছর ধরে শীতল সম্পর্ক বজায় রেখেছেন পিটের বর্তমান বাগদত্তা জোলি। যে কারণে অ্যানিস্টনের আত্মজীবনীতে হয়তো পিটের সঙ্গে ঘটে যাওয়া অনেক ব্যক্তিগত ঘটনাও উঠে আসতে পারে বলে আশঙ্কা তার।

অ্যানিস্টনের সঙ্গে বিয়ের চার বছরের মাথায় ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমায় অভিনয় করতে গিয়ে জোলির প্রেমে পড়েন পিট। পিটের সঙ্গে বিচ্ছেদের কারণ হিসেবে জোলিকেই দায়ী করেন অ্যানিস্টন।

‘নাও’ ম্যাগাজিন এক সূত্রের বরাতে জানিয়েছে, গত কয়েক বছরে অনেক চেষ্টা করে নিজেকে একজন সমাজসেবক হিসেবে প্রতিষ্ঠা করেছেন জোলি। এই অভিনেত্রী পিটের সঙ্গে সম্পর্ক হওয়ার পর থেকে নিজের ব্যক্তিগত জীবনকে লোকচ¶ুর আড়ালে রাখার চেষ্টা করেন।

সূত্রটি আরও জানায়, অ্যানিস্টনের সঙ্গে পিটের বিচ্ছেদের পর ব্যাপক নিন্দিত হয়েছিলেন জোলি। কিন্তু তিনি ভেবেছিলেন, অ্যানিস্টনের সঙ্গে তার রেষারেষির ব্যাপারটি এখন অতীত হয়ে গেছে। অবশেষে অ্যানিস্টনের আত্মজীবনীর কথা জানবার পর এখন চিন্তিত বোধ করছেন জোলি।

এই মুহূর্তে অভিনেতা জাস্টিন থেরক্সের সঙ্গে বাগদান সম্পন্ন করে বিয়ের অপে¶ায় আছেন অ্যানিস্টন। কিন্তু পিটের সঙ্গে তার সম্পর্ক এবং বিয়ের ব্যাপারটি ভক্তদেরকে জানানো প্রয়োজন মনে করেন তিনি।

সূত্র জানায়, অ্যানিস্টন যদি লেখেন, তবে তার জন্য সবচেয়ে কঠিন হবে পিট এবং জোলির অংশটি লেখা। তবে তার জীবনের এই অংশ সবার জানা প্রয়োজন।

৫০ বছর বয়সী অভিনেতা ব্র্যাড পিট অ্যানিস্টনকে বিয়ে করেন ২০০০ সালে। এর আগে দুই বছর প্রেম করেছিলেন তারা। কিন্তু ২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমায় অভিনয় করতে গিয়ে পিটের পরিচয় হয় জোলির সঙ্গে।

তাদের দুজনের ভাষ্যে, “প্রথম দেখাতেই প্রেম” হয়েছিল।

পিট-জোলির ওই প্রেমের বিষয়টি কোনদিনও ভালভাবে গ্রহণ করতে পারেননি অ্যানিস্টন। পিট এবং অ্যানিস্টনের বিচ্ছেদ বেশ কয়েক বছর হলিউডি পত্রিকাগুলোর শিরোনাম হয়েছে। এমনকি ভক্তদের মধ্যেও জোলি এবং অ্যানিস্টনের জন্য দুটি দল ভাগ হয়ে গিয়েছিল। ‘টিম অ্যানিস্টন’ এবং ‘টিম অ্যাঞ্জি’ (অ্যাঞ্জেলিনা জোলি) নামে টিশার্টও বিক্রি হয়েছিল প্রচুর।

পিটের সঙ্গে বিচ্ছেদের পর বেশ কয়েকজন শিল্পীর সঙ্গে প্রেম করেছেন অ্যানিস্টন। অবশেষে ২০১১ সালে জাস্টিন থেরক্সের সঙ্গে পরিচয় হওয়ার এক বছর পর বাগদান সম্পন্ন করেন এই জুটি। আপাতত একই বাড়িতে বসবাস করছেন দুজন।