মঞ্চে আসছে ‘কনসেনট্রেশন ক্যাম্প.৭১’
স্বাধীনতাযুদ্ধে ফরিদপুর শহরের বন্দিশিবিরে ভয়াবহ হত্যাযজ্ঞ নিয়ে পরিবেশ থিয়েটার মঞ্চে আনছে নতুন নাটক ‘কনসেনট্রেশন ক্যাম্প.৭১’। ২৪ মার্চ ফরিদপুর স্টেডিয়ামে মঞ্চস্থ হবে এ নাটক।
শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের প্রযোজনায় গঠিত পরিবেশ থিয়েটারের চতুর্থ নাটকের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
নাটকটি নির্দেশনা দিয়েছেন ফরিদপুরের সন্তান, নির্দেশক ও অভিনেতা বাকার বকুল। এ নাটকের ৩০টি চরিত্রে অভিনয় করছেন ফরিদপুরের স্থানীয় নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।
নির্দেশক বাকার বকুল গ্লিটজকে জানান, কনসেনট্রেশন ক্যাম্পকে নারী, পুরুষ ও পাক ক্যাম্প নামে তিনটি সেলে ভাগ করা হয়েছে। ইতোমধ্যে মঞ্চস্থলে খোঁড়া হয়েছে বাংকার। সে বাংকারের ভেতর মঞ্চস্থ হবে নাটক।
বিভিন্ন স্থান থেকে ধরে আনা নারী-পুরুষদের ক্যাম্পে ঢোকানোর মাধ্যমে শুরু হবে নাটকের কাহিনি। পাকিস্তানি বাহিনীর নির্যাতন থেকে রেহাই পায়নি অন্তঃসত্তা নারী ও বৃদ্ধারাও। তাদের আর্তনাদ ছড়িয়ে পড়ে এক সেল থেকে অন্য সেলে। নিরুপায় সে হতভাগ্যরা কেউ আবার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সেলে বয়ে যায় রক্তের বন্যা।
বকুল বলেন, “একাত্তরে হাজারো পাকিস্তানি ক্যাম্প তৈরি হয়েছিল বাংলাদেশে। সময়ের সঙ্গে সেইসব ক্যাম্পের চিহ্ন বিলুপ্ত হয়েছে। ঢাকা পড়েছে সেসব নির্যাতনের চিহ্ন, নির্যাতিতদের আর্তনাদ। নতুন প্রজন্ম সেসব নির্যাতন, গৌরব আর বীরত্বের ইতিহাস জানে না। এর সুযোগ নিচ্ছে মৌলবাদীরা। এসব নিয়ে সোচ্চার হতেই এ নাটকের মঞ্চায়ন।”
‘কনসেনট্রেশন ক্যাম্প.৭১’ বাকার বকুলের নির্দেশনার প্রথম যুদ্ধভিত্তিক নাটক।
