২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসের নাটক ‘দাগ’

স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘দাগ’–এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান ও নুসরাত ইমরোজ তিশা। মেজবাহউদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন হাবিব মাসুদ। নাটকে তারিক আনাম খান ও তিশা অভিনীত চরিত্র দুটির নাম জামশেদ মোস্তাফী ও তিশা।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 05:27 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

নাটকে দেখা যায়, কোটিপতি ব্যবসায়ী জামশেদ মোস্তাফি দীর্ঘদিন ধরে পায়ের ব্যথায় ভুগছে। নিরুপায় হয়ে চিকিসৎক বন্ধু ইউজিনের শরণাপন্ন হলে ইউজিন নানা পরীক্ষা নিরীক্ষার পর জানায় জামশেদ ‘বোন ক্যান্সারে’ ভুগছেন। চিকিৎসা বিজ্ঞানে এ রোগের নাম ‘এ ট্রমা ফলোওড বাই অস্ট্রিও সারকোমা’। ইউজিন জানায়, তার পা পুরোটাই কেটে ফেলতে হবে, নচেৎ ক্যান্সার সারাশরীরে ছড়িয়ে পড়বে। তখন জামশেদ মনে করে, ৭১’র ঘটনা।

এ সময় ফ্ল্যাশব্যাকে দেখা যায়, ৭১ এর মুক্তিযুদ্ধে তার আশ্রয়দাতা বন্ধু আসলামকে সে পাকবাহিনীর কাছে ধরিয়ে দেয়। যোগ দেয় রাজাকারদের দলে। এরপর সে বন্ধুপত্নী তুলিকে সদলবলে ধর্ষণের পর হত্যা করে। আত্মরক্ষার্থে তুলি তার পায়ে কাঁচির গভীর আঁচড় দেয়। সে আঁচড় ক্রমেই গভীর ক্ষতে পরিণত হয়, যার ফলশ্রুতিতে ক্যান্সার।

স্মৃতি থেকে ফিরে আসে জামশেদ। পরিবারের সদস্যরা জামশেদের কুকীর্তি জেনে তাকে চরম ঘৃণা করতে শুরু করে। জামশেদের মনোজগতে দেখা দেয় তুলি। অবচেতন মনে সে প্রতিশোধস্পৃহায় উন্মত্ত তুলিকে দেখতে পায় সর্বত্র। তুলি জামশেদকে শাস্তি দিতে নিয়ে যায় বধ্যভূমিতে। যেখানে ছুড়ে ফেলা হয়েছিল তার মৃতদেহ।

নাটকটি ২৬ মার্চ রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।

২০০৮ সালে ‘জোক’ নাটকের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন হাবিব মাসুদ। এরপর তিনি ১২টি নাটক নির্মাণ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ‘তাহার শিশুবন্ধুরা’, ‘বীর মাতা’ এবং ‘অপলার সামনে দাঁড়িয়ে’। এরপর তিনি বেশকটি ধারাবাহিকও নির্মাণ করেন।