শিল্পকলায় ‘শেষ সংলাপ’
মধ্যযুগে মিশরীয় সুলতানের শাসন ও ক্রীতদাসপ্রথার গল্প নিয়ে নাটক ‘শেষ সংলাপ’-এর ৫৪তম মঞ্চায়ন করছে সময় নাট্যদল। সোমবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটি।
মিশরের নাট্যকার তাওফিক-আল-হাকিমের ‘সুলতানুজ জান্নাম’ অবলম্বনে ‘শেষ সংলাপ’ নাটকটি যৌথভাবে অনুবাদ করেছেন ড. সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরী এবং নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান।
নাটকে দেখা যাবে, মিসরের এক সুলতান উত্তরাধিকারী হিসেবে তার পালিত পুত্রকে মনোনীত করেন। সে পুত্র আবার ক্রীতদাস। সুলতান তার পুত্রের সেনাধ্যক্ষ হিসেবেও একজন ক্রীতদাসকে মনোনীত করেন। কিন্তু দুর্ভাগ্যবশত মৃত্যুকালে তিনি তার মসনদের উত্তরাধিকারী সুলতানকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে যেতে পারেননি। পরবর্তীতে সুলতানের উত্তরাধিকারিত্বের বৈধতা নিয়ে জনমনে সন্দেহ দেখা দেয়। এতে জটিলতার সৃষ্টি হয়। সমস্যার সমাধান হবে কোন পথে-- আইনি পদ্ধতিতে অথবা অস্ত্র প্রয়োগে, কোন পথ বেছে নেবেন সুলতান-- এই সমস্যা নিয়েই নাটক ‘শেষ সংলাপ।’
এতে ‘সুলতান’ চরিত্রে পাভেল ইসলাম, ‘উজির’ চরিত্রে আকতারুজ্জামান, ‘কাজী’ চরিত্রে রিয়াজ মাহমুদ জুয়েল, দাস ব্যবসায়ী চরিত্রে তোফায়েল সরকার, ‘জল্লাদ’ চরিত্রে ফখরুল ইসলাম মিঠু অভিনয় করছেন। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন রুমা, মানসুরা রশীদ লাভলী, মাকসুদুল বারী টিপু প্রমুখ।
‘শেষ সংলাপ’ নাটকের পোস্টার ডিজাইন করেছেন শিল্পী ঢালী আল মামুন, মঞ্চ পরিকল্পনায় ফয়েজ জহির, সংগীত পরিকল্পনায় কমল খালিদ, পোশাক পরিকল্পনায় আমিনুর রহমান মুকুল এবং আলোক পরিকল্পনায় আলমগীর হোসেন।
১৯৭৭ সালের ৫ মে যাত্রা শুরু করা সময় নাট্যদলের ২৯তম প্রযোজনা ‘শেষ সংলাপ’। দলের হয়ে এটি আকতারুজ্জামানের চতুর্থ নির্দেশনা।
২০০৯ সালের ডিসেম্বরে কলকাতার অনিক থিয়েটার আয়োজিত গঙ্গা-যমুনা নাট্যোৎসবে প্রথমবারের মতো মঞ্চস্থ হয় নাটকটি।
