২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছেন অরিজিৎ

‘সিগন্যাল ইভেন্টস’-এর আমন্ত্রণে ২১ মার্চ বিকালে ঢাকায় আসবেন তিনি। সন্ধ্যায় ঢাকার হোটেল র্যাডিসনের বলরুমে সংগীত পরিবেশন করবেন তিনি।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 06:35 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

অরিজিৎ এর আগমন উপলক্ষে শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘সিগন্যাল ইভেন্টস’ ‍-এর চেয়ারম্যান মাসুদুল ইসলাম জিসান জানান, ২১ মার্চ দুপুরে ঢাকায় আসবেন অরিজিৎ। তিনি র্যাডিসনে আসবেন সন্ধ্যা ৬টায়।

অরিজিৎ মঞ্চে ওঠার আগে একটি ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে সিগন্যাল ইভেন্টস। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ফ্যাশন শো শেষে তিনি রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেবেন।

এরপর মঞ্চে উঠবেন অরিজিৎ। বাংলা গানের পাশাপাশি তিনি কয়েকটি হিন্দি গানও শোনাবেন। তার সঙ্গে বাজাবেন ভারতীয় শিল্পীরা। তিনি সাড়ে ১০টা অবধি পারফর্ম করবেন বলে জানিয়েছেন জিসান।

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ছেলে অরিজিৎ ২০০৫ সালে একটি চ্যানেলের মিউজিক্যাল রিয়ালিটি শো ‘ফেইম গুরুকুল’ এর সেরা ছয় প্রতিযোগীর মধ্যে ঠাঁই করে নেন। ২০১১ সাল ‘মার্ডার টু’ সিনেমার মাধ্যমে প্লেব্যাক গায়ক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি ‘প্লেয়ারস’, ‘বারফি’, ‘ককটেল’, ‘এজেন্ট বিনোদ’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘আশিকি টু’সহ আরও অনেক সিনেমাতে কণ্ঠ দিয়েছেন। এ বছর তিনি ‘কুইন’, ‘শাদি কা সাইড ইফেক্ট’, ‘গুন্ডে’ সহ বেশকটি সিনেমাতে গেয়েছেন।

শুধু বলিউডেই না, টালিউডেও সমান ব্যস্ত অরিজিৎ। ‘বোঝে না সে বোঝে না’, ‘বস’, ‘প্রলয়’, ‘কানামাছি’. হাওয়া বদল’সহ বেশকটি বাংলা সিনেমাতেও গেয়েছেন তিনি।

‘আশিকি টু’ সিনেমার ‘তুম হি হো’ গানটির জন্য তিনি ২০১৩ সালে সেরা গায়ক হিসেবে ঝুলিতে পুরেছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।