২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেপের সঙ্গে পিয়ার্স

ক্রাইম ড্রামা ধাঁচের নতুন সিনেমা ‘ব্ল্যাক ম্যাস’-এ জনি ডেপের ভাইয়ের ভূমিকায় অভিনয় করতে পারেন গাই পিয়ার্স।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 04:42 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

ভ্যারাইটি ডটকমের খবর অনুযায়ী, নতুন ওই সিনেমায় অভিনয়ের জন্য এখনও আলোচনায় আছেন পিয়ার্স।

সিনেমাটি নির্মিত হবে সত্যিকারের এক অপরাধীর কাহিনীর ভিত্তিতে। এখানে আমেরিকার বোস্টন শহরের পলাতক অপরাধসম্রাট ‘হুইটি বালগার’এর ভূমিকায় অভিনয় করবেন ডেপ। পিয়ার্স চুক্তিবদ্ধ হলে তিনি অভিনয় করবেন বালগারের ভাইয়ের ভ‚মিকায়।

এছাড়াও এফবিআই এজেন্ট ‘জন কনোলি’র চরিত্রে দেখা যাবে অভিনেতা জোল এডগারটনকে। কনোলিকে দায়িত্ব দেয়া হয় বালগারকে গ্রেপ্তার করার জন্য, কিন্তু বালগারকে পালাতে সাহায্য করেন তিনি।

অপরাধসম্রাট হবার পাশাপাশি এফবিআইয়ের তথ্যদাতা হিসেবেও কাজ করতেন বালগার। সমমানের অন্যান্য অপরাধীদের আইনের প্যাঁচে ফেলে একসময় বোস্টনের পুরো আন্ডারওয়ার্ল্ড নিজের দখলে নিয়েছিলেন তিনি। ২০০০ সালের শুরুর দিকে বালগারের বিরুদ্ধে এফবিআইকে তথ্য দিয়েছিল তার এক বাল্যবন্ধু। এরপর থেকে বালগারকে গ্রেপ্তার করার চেষ্টা করে এফবিআই। কিন্তু দীর্ঘ এগারো বছর পর্যন্ত পুলিশি নজরের আড়ালে থাকে বালগার, অবশেষে ২০১১ সালে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

সিনেমাটি পরিচালনা করার দায়িত্ব পড়েছে নির্মাতা-অভিনেতা স্কট কুপারের কাঁধে। ২০১৩ সালে মুক্তি পেয়েছে তার পরিচালিত সিনেমা ‘আউট অফ দ্য ফার্নেস’, যেখানে অভিনয় করেছিলেন ক্রিশ্চিয়ান বেল।

এর আগে সিনেমাটি পরিচালনা করার কথা ছিল রেইন ম্যানখ্যাত পরিচালক ব্যারি লেভিনসনের। পরবর্তীতে তার স্থানে নেয়া হয়েছে কুপারকে।

অস্ট্রেলিয়ান অভিনেতা গাই পিয়ার্স হলিউডি সিনেমায় অভিনয় করছেন আশির দশক থেকে। ‘এল এ কনফিডেনশিয়াল’, ‘মোমেন্টো’, ‘দ্য কিংস স্পিচ’, ‘প্রমিথিউস’ এবং ‘আয়রন ম্যান থ্রি’র মত সিনেমায় অভিনয় করেছেন তিনি।

২০১৪ সালে মুক্তি পাবে তার অভিনীত দুটি সিনেমা, ‘দ্য রোভার’ এবং ‘স্ট্রেঞ্জারল্যান্ড’।

অস্ট্রেলিয়ান ক্রাইম ড্রামা ‘দ্য রোভার’এ পিয়ার্সের সঙ্গে অভিনয় করবেন রবার্ট প্যাটিনসন। সিনেমাটি ১৮ জুলাই মুক্তি পাবার কথা রয়েছে।