২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রনবীর, আনুশকার ‘ডাবল ডেট’

শ্রীলঙ্কায় একসঙ্গে ‘ডাবল ডেট’ করেছেন দুই তারকা জুটি ক্যাটরিনা কাইফ-রনবীর কাপুর এবং আনুশকা শর্মা-ভিরাট কোহলি। ওখানে নতুন সিনেমা ‘বোম্বে ভেলভেট’-এর শুটিং করছেন রনবীর এবং আনুশকা।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 04:29 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

অনুরাগ কাশ্যাপের সিনেমা ‘বোম্বে ভেলভেট’এর শুটিংয়ের জন্য এখন শ্রীলঙ্কার তিসসা শহরে রয়েছেন আনুশকা এবং রনবীর। সিনেমাটির শুটিং চলছে ‘ইয়ালা ন্যাশনাল পার্কে’, বলা হয় পৃথিবীর সবচেয়ে বেশি চিতাবাঘের দেখা পাওয়া যায় ওই জঙ্গলে।

কলম্বো থেকে ছয় ঘণ্টা সড়ক-দূরত্ব পেরিয়ে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে এই পার্কে হাজির হয়েছিলেন ভিরাট এবং ক্যাটরিনা।

রাতের বেলাতেই শুটিং করেছেন রনবীর-আনুশকা। এর ফাঁকে সময় কাটিয়েছেন সঙ্গীর সাথে। বুধবার রাতে দুই জুটি একসঙ্গে কিছুটা সময় কাটাতে পেরেছেন।

টাইমস অফ ইন্ডিয়া জানায়, আনুশকার সঙ্গে সময় কাটানোর পর ১৩ মার্চ ভোরবেলা কলম্বো থেকে মুম্বাই রওনা দিয়েছেন ভিরাট। কাকতালীয়ভাবে, একদিন আগেই রনবীরের সঙ্গে দেখা করতে শ্রীলঙ্কা পৌঁছান ক্যাট।

শ্রীলঙ্কা যাবার আগে টুইটারে ভক্তদের কাছে ভালো কোন সিনেমার নাম জানতে চেয়েছিলেন ভিরাট। তবে আনুশকার সঙ্গে তিনি কোন সিনেমা উপভোগ করেছেন কিনা, তা জানা যায়নি।

প্রেমিক এবং প্রেমিকার সঙ্গে ছুটি কাটানোর পর যার যার কাজে ফিরে গেছেন ক্যাটরিনা এবং ভিরাট। বর্তমানে ভিরাট ব্যাস্ত রয়েছেন টি টুয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে, ওদিকে নতুন সিনেমা ‘ব্যাং ব্যাং’এর শুটিং শুরু করেছেন ক্যাট।

অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে বিচ্ছেদের পর থেকে ক্যাটরিনার সঙ্গে প্রেম করছেন রনবীর। বেশ কয়েক বছর ধরে চলছে তাদের প্রেম, তবে প্রকাশ্যে কখনও এর সত্যতা স্বীকার করেননি এই জুটি।

ওদিকে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে পরিচয় হয় আনুশকা এবং ভিরাটের। বিজ্ঞাপনের কাজ শেষ হবার পরও বাড়তে থাকে দুজনের ঘনিষ্ঠতা। সেইসঙ্গে টিনসেলে চলতে থাকে আনুশকা-ভিরাটের প্রেমের গুজব।

সংবাদমাধ্যমে আজও একেঅপরকে ‘ভালো বন্ধু’র খেতাব দিয়ে থাকেন এই জুটি। তবে তাদের এই বন্ধুত্ব প্রেমে মোড় নিয়েছে কী না, তা এখনও নিশ্চিত নয়।