টেলিভিশন কাহিনিচিত্র উৎসব
ঢাকায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র উৎসব’ ২০১৪ শেষ হল শুক্রবার সন্ধ্যায়। তিনদিনের আয়োজনে প্রদর্শিত হয়েছে ২০ নবীন পরিচালকের নির্মিত টেলিভিশন কাহিনিচিত্র।
এবারের উৎসবে নবীন পরিচালকদের নির্মিত কাহিনিচিত্র প্রদর্শন করা হয়েছে। ২০১২ ও ২০১৩ সালে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত কাহিনিচিত্র প্রদর্শিত হয়েছে এ উৎসবে।
চাড়ুনীড়মের পরিচালক গাজী রাকায়েত বলেন, “উৎসবে এবার বয়সে তরুণ এবং সর্বোচ্চ তিন থেকে চারটি কাজ করেছেন এমন পরিচালকদের কাহিনিচিত্র প্রদর্শিত হয়েছে। নবীনদের উৎসাহিত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছি আমরা।”
েআয়োজকরা জানান, চারুনীড়ম স্কুল অফ অ্যাক্টিং অ্যান্ড রিসার্চ নিয়মিতভাবে এ উৎসবের আয়োজন করছে ২০০৯ সাল থেকে। প্রতিবছরের মার্চ মাসে উৎসবটি আয়োজন করা হয়। ২০১৩ সালে রাজনৈতিক অবস্থার কারণে আয়োজন করা সম্ভব হয়নি বলে জানান উৎসব প্রধান গাজী রাকায়েত।
প্রতিবছর উৎসবের প্রদর্শনী শেষে সেরা নির্মাতা, কাহিনিকার, চিত্রনাট্যকার, নারী ও পুরুষ অভিনয় শিল্পী, আজীবন সম্মাননাসহ মোট ১০টি বিভাগে পুরস্কারের জন্য ৫টি করে কাহিনিচিত্র মনোনীত করা হয়। পুরস্কারের জন্য ইতোমধ্যেই কাহিনিচিত্র জমা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে পুরস্কার ঘোষণা করা হবে মে মাসে, তবে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি রাকায়েত।
২০০৮ সালে প্রায় সবকটি টিভি চ্যানলেই ১ ঘণ্টার নাটক নিয়মিতভাবে প্রচার বন্ধ হয়ে গিয়েছিল। চ্যানেলগুলোয় নিয়মিত ১ ঘণ্টার নাটক প্রচারের লক্ষ্যেই চারুনীড়ম ‘এক ঘণ্টার নাটক বাঁচাও’ র্কমসূচি হাতে নেয় এবং বিভিন্ন চ্যানেলে প্রচারিত ১ ঘণ্টার নাটক ও টেলিফিল্ম নিয়ে আয়োজন করে চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র উৎসব। উৎসবে কাহিনিচিত্র প্রদর্শন ও পুরস্কার প্রদান করা হয়।
