২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ভান্ডারকারের সঙ্গে প্রিয়াংকা

বলিউডি অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার সঙ্গে ‘ম্যাডামজি’ সিনেমার শিডিউল নিয়ে আলাপ করছেন পরিচালক মধুর ভান্ডারকার।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 05:01 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ভিন্নধর্মী একটি কাহিনি নিয়ে নির্মিত হচ্ছে ‘ম্যাডামজি’। ২০০৮ সালে ভান্ডারকারের ‘ফ্যাশন’ সিনেমার সাফল্যের পর প্রিয়াংকাকে নিয়ে আবারও কাজ করার পরিকল্পনা করেছিলেন তিনি। তবে ভালো গল্পের অভাবে তা আর হয়ে ওঠেনি।

১৩ মার্চ একটি সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন ভান্ডারকার। প্রিয়াংকার সঙ্গে ‘ম্যাডমজি’ সিনেমার চিত্রনাট্য নিয়ে আলাপ করেছেন ভান্ডারকার। আর প্রিয়াংকা চিত্রনাট্য খুবই পছন্দ করেছেন বলে জানান তিনি।

ভান্ডারকার বলেন, “প্রিয়াংকা সিনেমাটি নিয়ে খুবই উৎসাহী। ‘ফ্যাশন’ সিনেমার পর আমরা আবারও একসঙ্গে কাজ করতে চেয়েছিলাম।”

চিত্রনাট্য নিয়ে আলাপ শেষ হয়েছে তাদের। বর্তমানে সিনেমার শুটিংয়ের তারিখ নিয়ে আলোচনা করছেন তারা।

বলিউডে নারীকেন্দ্রিক সিনেমা নির্মাণের ক্ষেত্রে খ্যাতি পেয়েছেন ভান্ডারকার। ‘ম্যাডামজি’-ও ওই একই ধারার সিনেমা বলে জানা গেছে। সিনেমাটিতে একজন আইটেমগার্লের কাহিনি তুলে ধরা হবে যিনি ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনীতিতে যোগ দেন।

এর আগে ‘ফ্যাশন’ সিনেমায় ভান্ডারকার ঝলমলে ফ্যাশনের দুনিয়ার পিছনকার দিকটি তুলে ধরেছিলেন। ‘ফ্যাশন’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াংকা। সিনেমাটি বক্সঅফিসে সাফল্য পেয়েছিল। প্রিয়াংকার অভিনয়ও দর্শক-সমালোচকদের প্রশংসা পেয়েছিল।

সিনেমাটিতে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন আরেক অভিনেত্রী কঙ্গনা রানাউত।

এরপর ভান্ডারকর কারিনা কাপুরকে নিয়ে তৈরি করেছেন ‘হিরোইন’ । সেখানেও তিনি একজন অভিনেত্রীর জীবনের উত্থান-পতনের গল্প তুলে ধরেন।

‘ফ্যাশন’ সিনেমায় অভিনয়ের সুবাদে প্রিয়াংকা জাতীয় পুরস্কারও অর্জন করেছিলেন।