দোলপূর্ণিমায় ‘চন্দ্র উৎসব’
দোলপূর্ণিমা উপলক্ষে শনিবার জয়দেবপুরের শালবনে ‘চন্দ্র উৎসবে’র আয়োজন করছে সাংস্কৃতিক সংগঠন প্রতিসৃষ্টি। এ উপলক্ষে আবৃত্তি, একক ও দলীয় নৃত্য, বাউল গান ও পালাগানের আসর বসবে শালবনে। আসর চলবে রোববার ভোর ৫টা পর্যন্ত।
উৎসব উদযাপন কমিটির পরিচালক ও আহ্বায়ক শাহরিয়ার সালাম গ্লিটজকে জানান, এবারের উৎসব উপলক্ষে ১৩ জন সদস্য নিয়ে চন্দ্র উৎসব উদযাপন পরিষদ গঠন করা হয়েছে। কমিটিতে যুগ্ম আহ্ববায়ক হিসেবে আছেন নাঈম হাসান সুজা এবং আবু দুরশদার মনির।
উৎসবের প্রথম পর্বের নাম ‘হলুদ বিকেল’। ‘হলুদ বিকেল’-এ স্বাগত বক্তব্য দেবেন মানবাধিকার কর্মী খুশী কবীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লায়লা হাসান ও সোহেল আহমেদ। তারপর ‘মিষ্টি রাত’ পর্বে থাকছে আবৃত্তি, গান ও নাচ।
একক আবৃত্তি পরিবেশন করবেন মোস্তফা আহমেদ মোর্শেদ এবং লায়লা আফরোজ। দলীয় পরিবেশনায় থাকছে নাচের দল নৃত্যভূমি।
একক গান পরিবেশন করবেন অনিমা মুক্তি, খগেন্দ্রনাথ সরকার, ভজন ক্ষ্যাপা, কাননবালা সরকার, দেবুপ্রসাদ দেবু। বাউল গান শোনাবেন বাবুল সরকার, শান্তা সরকার, আলম দেওয়ান। এরপর পালা গান পরিবেশন করবেন সাঈদুর রহমান বয়াতি ও তার দল।
প্রতিসৃষ্টি ১০বছর পর ‘চন্দ্র উৎসবে’র আয়োজন করছে । এর আগে ২০০৪ সালে ঢাকার ধানমন্ডিতে ‘চন্দ্র উৎসবে’র আয়োজন করেছিলেন তারা। “আনুষঙ্গিক নানা সঙ্কটে” এতদিন এ উৎসবের আয়োজন করতে পারেননি বলে মন্তব্য করেন সালাম। ২০১২ সালে পদ্মার চরে ‘চন্দ্র উৎসবে’র আয়োজন করতে চাইলেও আর্থিক সঙ্কটের কারণে তা হয়ে ওঠেনি বলে জানান তিনি
