২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেহরক্ষীর সাহায্যে দীপিকা

দুর্ঘটনায় আহত ব্যক্তিগত দেহরক্ষী কার্তিক দেবগনের সাহায্যে এগিয়ে এসেছেন বলিউডি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 04:46 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

মিড ডে জানায়, দুর্ঘটনায় পা ভেঙে যায় দীপিকার দেহরক্ষীর। সে সময় অবশ্য ‘অফ ডিউটি’তে ছিলেন তিনি। দেহরক্ষীর দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেন দীপিকা।

দুর্ঘটনার কথা জানতে পেরে, কার্তিকের কোম্পানির মালিক রনিত রায়ের সঙ্গে কথা বলেন দীপিকা। তিনি তার বর্তমান অবস্থার খোঁজ নেন এবং তাকে সাহায্যের প্রস্তাব দেন। কার্তিক সুস্থ না হওয়া পর্যন্ত তার ‘সমস্ত খরচ বহন করবেন’ বলে রনিতকে কথা দিয়েছেন দীপিকা।

তার সঠিক চিকিৎসা নিশ্চিতের বিষয়েও খোঁজ নিচ্ছেন তিনি। যদিও দীপিকা নিজে এ বিষয়ে মিডিয়াকে কিছুই বলেননি । রনিতও মুখ খোলেননি এ বিষয়ে।

‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার শুটিংয়ের সময় থেকে দীপিকার বডি গার্ডের দায়িত্ব পালন করছিলেন কার্তিক। কাজে বেশ নিয়মিত ছিলেন তিনি। তবে মাঝখানে কিছুদিন অনুপস্থিত থাকায় তার বিষয়ে খোঁজ করতে গিয়ে দুর্ঘটনার খবর জানতে পারেন দীপিকা।

সঙ্গে যারা কাজ করেন এবং নিজের প্রতিনিধিদের বিষয়ে সচেতন বলে দীপিকার সুনাম রয়েছে। তার সঙ্গে যে প্রতিনিধিরা রয়েছেন দীপিকা বরাবরই তাদের জন্মদিন মনে রাখেন। প্রত্যেকের জন্মদিনেই তিনি তাদের শুভেচ্ছা জানান এবং উপহার দেন।