আবার ‘দ্য বিগ ব্যাং থিওরি’
সিবিএস চ্যানেলের জনপ্রিয় সিরিজ ‘দ্য বিগ ব্যাং থিওরি’-এর আরও তিনটি নতুন সিজন প্রচার শুরু হবে ২০১৭ সাল থেকে। সব মিলিয়ে সিরিজের সিজন সংখ্যা হবে ১০।
কন্টাক্টমিউজিক জানায়, ১২ মার্চ সিবিএস সিরিজটির নতুন সিজনের বিষয়ে কথা বলে। সিবিএস এর অন্যতম সফল সিরিজ ‘দ্য বিগ ব্যাং থিওরি’। সাতটি সিজনের পর আরও তিনটি সিজন নিয়ে কাজ শুরু হয়েছে সিরিজটির।
২০০৭ সালে কমেডি ধাঁচের সিরিজটি তৈরি করেন চাক লরি। এখন পর্যন্ত সিরিজটি অর্জন করেছে পাঁচটি এমি অ্যাওয়ার্ড এবং গোল্ডেন গ্লোব। বলা হয় সিরিজটি জনপ্রিয়তা পেয়েছে জিম পারসনের ড. শেলডন কুপার চরিত্রের জন্য।
সিবিএস চ্যানেলের বেশ বড় একটি অংশ জুড়ে আছে কমেডি। আর কমেডির “মূল উৎস” এই সিরিজটি বলে মন্তব্য করেছেন সিবিএস এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান নিনা টেসলার।
চাক লরির প্রযোজনায় সিরিজে অভিনয় করেছেন জনি গালেকি, জিম পারসনস, কেইলি কুয়োকো-সুয়িটিং, সিমন হেলবার্গ, কুনাল নায়ার, মেলিসা রঞ্চ এবং মায়েম বিইলিক।
২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর প্রথম প্রচারিত হয় সিরিজটি। সর্বশেষ সপ্তম সিজনটি প্রচারিত হয় ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অষ্টম সিজন নির্মাণের বিষয় নিশ্চিত করে সিবিএস। এর পর আরও দুটি সিজনের বিষয়ে জানানো হয়।
আসন্ন সিজনগুলোর জন্য ২০১৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের।
