সন্তান চাইলেও মাকে চান না সালমান
নিজের সন্তানের অভাব অনুভব করলেও তার মাকে চান না অভিনেতা সালমান খান। সম্প্রতি দিল্লিতে এ নিয়ে রসিকতাপূর্ণ মন্তব্য করেছেন তিনি।
টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, বাচ্চাদের খুবই পছন্দ করেন সালমান। তার নিজের সন্তান নেই, এ বিষয়টি অনুভব করেন পুরোমাত্রায়। তবে নিজের সন্তান হলে, সন্তানের মা-ও থাকতে হবে। আর সন্তানের মায়ের প্রতি দায়িত্বের কথা চিন্তা করেই পিছিয়ে যান সালমান।
মিড-ডের সূত্রে জানা যায়, দিল্লির একটি অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন এখনও অবিবাহিত ৪৮ বছর বয়সী ওই অভিনেতা। সালমান রসিকতা করে বলেন, তিনি যদি এখনও তার প্রথম প্রেমিকার সঙ্গে থাকতেন তাহলে এতদিনে নাতি-নাতনি হয়ে যেত তার।
খুব বেশিদিন একজন প্রেমিকার সঙ্গে থাকতে পারেন না সালমান, এটি সকলেরই জানা। এর আগে সালমান মন্তব্য করেছিলেন, প্রেমিক হিসেবে খুবই খারাপ তিনি। প্রেমিকার প্রতি কী করা উচিত সে ধরনের দায়িত্ববোধ তার ভেতরে একেবারেই নেই।
সালমানের মতে, প্রেমিক নয় বরং বন্ধু হিসেবে খুবই ভালো তিনি।
সালমানের নিত্য নতুন প্রেমিকার খবর দীর্ঘদিন ধরেই মিডিয়ায় আলোচিত হয়েছে। সম্প্রতি নবাগত অভিনেত্রী এলি আভ্রামের সঙ্গে সালমানের বাড়তি ঘনিষ্টতা অনেকেই বাঁকা চোখে দেখছেন টিনসেলে। সেলিব্রেটি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর মধ্য দিয়ে সালমানের সঙ্গে পরিচয় সুইডিশ বংশোদ্ভূত অভিনেত্রী এলির। এর আগে ‘মেরি গোল্ড’ সিনেমার সহ-অভিনেত্রী অ্যালি ল্যার্টারের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন তিনি।
দীর্ঘ ২৫ বছরের অভিনয়জীবনে বলিউডের অনেক অভিনেত্রীর সঙ্গেই জড়িয়েছিল সালমানের নাম। এদের মধ্যে আছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই এবং হালের জনপ্রিয় ক্যাটরিনা কাইফ। তবে কারও সঙ্গেই তার সম্পর্ক টিকে থাকেনি বেশিদিন।
