আবার অ্যানিস্টন-থেরক্স প্রেম?
কিছুদিন আগেই সম্পর্ক ভাঙার খবর শোনা গেলেও জেনিফার অ্যানিস্টন এবং জাস্টিন থেরক্সকে আবার একসঙ্গে দুপুরের খাবার খেতে দেখা গেছে ম্যানহাটনের একটি রেস্টুরেন্টে।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ফ্রেডস অ্যাট বার্নিস নামক রেস্টুরেন্টে ওই হলিউডি জুটিকে এক সঙ্গে দেখা গেছে।
১০ মার্চ ওই জুটিকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। ওই সময় ৪৫ বছর বয়সী অ্যানিস্টোনের পরনে ছিল কালো রংয়ের একটি কোট এবং নীল জিনস। অন্যদিকে ৪২ বছর বয়সী থেরক্স ছাই রংয়ের চাপা জিনসের সঙ্গে মটরসাইকেল জ্যাকেট পরে ছিলেন।
২০১৩ সালের বড়দিনের পর থেকেই জনসম্মুখে অনুপস্থিত ছিলেন ওই জুটি। চলতি বছর ১১ ফেব্রুয়ারি নিজের ৪৫তম জন্মদিন প্রেমিক থেরক্সের অনুপস্থিতিতে বন্ধুদের নিয়ে লস অ্যাঞ্জেলেসে পালন করেছিলেন অ্যানিস্টন।
জানা যায়, থেরক্স ওই সময় নিউ ইয়র্কে ছিলেন। তিনি অ্যানিস্টনকে সেখানে ডেকে পাঠালেও নিউ ইয়র্কে শীতে জমার চাইতে লস অ্যাঞ্জেলসে রোদ পোহানোই বেছে নিয়েছিলেন অ্যানিস্টন।
তবে তাদের ভাষ্যমতে কাজের ব্যস্ততার কারণে একে অপরের থেকে দূরে ছিলেন তারা। কাজের খাতিরে অ্যানিস্টন ছিলেন লস অ্যাঞ্জেলেসে। অন্যদিকে ‘দ্য লেফটভারস’-এর কাজে নিউ ইয়র্ক থাকতে হয়েছে থেরক্সকে। তবে প্রেমিককে ছাড়া জন্মদিন পালন করায় মিডিয়ায় তাদের সম্পর্ক ভাঙার গুজব ছড়িয়ে পড়ে।
২০১১ সালে ‘ওয়ান্ডারলাস্ট’ সিনেমার সুবাদে পরিচয় তাদের। ওই বছরই প্রেম।
২০১২ সালে আংটি বদল করেন তারা।
২০১৩ সালেই বিয়ের পাট চুকিয়ে ফেলার কথাও জানিয়েছিলেন ওই জুটি। তবে তাদের ব্যস্ততার কারণে তা আর হয়ে ওঠেনি।
যদিও অনেকেই ভেবেছিলেন বিয়ে আর হচ্ছে না। তবে আবার ডেট করতে শুরু করায় ধারণা করা যায় সম্পর্ক হয়ত উষ্ণতার দিকে মোড় নিয়েছে।
