২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ‘ন্যাশনাল আইকন’ হবেন আমির

আসন্ন নির্বাচনে যুবসমাজকে ভোট দেওয়ায় আগ্রহী করে তোলার জন্য বলিউডি অভিনেতা আমির খান এবং ক্রিকেটার ভিরাট কোহলিকে ‘ন্যাশনাল আইকন’ হিসেব নিয়োগ করার পরিকল্পনা করছে ভারতের নির্বাচন কমিশন।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 04:34 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, আসন্ন নির্বাচন অনুষ্ঠানে তরুণপ্রজন্ম যাতে অংশ নেয়, তার জন্য ইতোমধ্যেই ভিন্ন ভিন্ন ক্ষেত্রে জনপ্রিয় ব্যক্তিদের সাহায্য নিচ্ছে ভারতের নির্বাচন কমিশন। এদের মধ্যে রয়েছেন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনী, বক্সার মেরি কম, ব্যাডমিন্টন খেলোয়াড় সায়না নেহ্ওয়াল এবং সাবেক প্রেসিডেন্ট এ পি জে আবদুল কালাম।

জনপ্রিয় ব্যক্তিদের ওই দলে এবার আমিরকেও নিতে চাচ্ছে নির্বাচন কর্তৃপক্ষ। সঙ্গে থাকবেন ভিরাট।

ব্যাক্তিগতভাবে নিজের ভক্তদের প্রায় সময়ই ভোটের গুরুত্ব সম্পর্কে বলেন আমির। এবার তাকে প্রস্তাব দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে বলার জন্য। সম্প্রতি এক টিভি শোর উদ্বোধনের দিন আমির জানান, নির্বাচন কমিশন থেকে প্রস্তাব দেওয়া হয়েছে তাকে।

এক সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, এই ব্যক্তিরা মাঠ পর্যায়ে গিয়ে জনগণের সঙ্গে ভোটের ব্যাপারে কথা বলবেন। কমিশন প্রবর্তিত ‘সিস্টেম্যাটিক ভোটার এডুকেশন এবং ইলেক্টোরাল পার্টিসিপেশন’ প্রোগ্রামের মধ্যে দিয়ে ভোটার সংখ্যা বাড়ানো এবং সঠিক প্রার্থীকে ভোট দেওয়া সম্ভব হবে।

সূত্রটি জানায়, এই কাজে অংশ নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে আমিরকে। তবে তিনি প্রস্তাবে রাজি হয়েছেন কি না, তা এখনও জানা যায়নি। এ বিষয়ে খুব শীঘ্রই একটি আনুষ্ঠানিক ঘোষণা দেবে নির্বাচন কমিশন।

জানা গেছে, বিভিন্ন প্রদেশের জন্য আলাদাভাবে ‘আইকন’ থাকবেন। তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও বলা হবে।

কমিশনের এক কর্মী সম্প্রতি ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে বলেন, “জাতীয়ভাবে এই প্রথম ছয়জন ব্যক্তি থাকবেন যারা ভোটারদের ভোট দিতে অনুপ্রেরণা দেবেন।”

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মী আরও জানান, ওই ছয় আইকন কেবল যুব সমাজের জন্য কাজ করবেন না, বয়স জাতি নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য হবেন তারা।

তিনি বলেন, “এবারের নির্বাচনে প্রায় দুই কোটি ভোটার থাকবেন, যারা প্রথমবারের মতো ভোট দেবেন। এছাড়া কমবয়সী ভোটারদের সংখ্যাও অনেক বেশি। তাদের সবার জন্য এই প্রচারণা করা হবে, যেন তারা তাদের ভোটের অধিকার সম্পর্কে জানতে পারেন।”

সূত্রটি আরও জানিয়েছে, এই প্রচারণার অংশ হিসেবে লিফলেট এবং ইলেক্ট্রনিক মিডিয়াতে বিশেষ ছয়জন ব্যক্তির ছবিও ব্যবহার করা হবে।

চলতি বছরের ০৭ এপ্রিল শুরু হবে ভারতের জাতীয় নির্বাচন, ভোট গ্রহণ চলবে ১২ মে পর্যন্ত।