শীর্ষে ‘থ্রি হান্ড্রেড: রাইজ অফ অ্যান এম্পায়ার’
হলিউডি সিনেমা ‘থ্রি হান্ড্রেড: রাইজ অফ অ্যান এম্পায়ার’ মুক্তির একসপ্তাহেই হলিউড বক্স অফিস থেকে তুলে নিয়েছে সাড়ে ৪ কোটি মার্কিন ডলার। মুক্তির তিনদিনের মধ্যেই সিনেমাটি এখন অবস্থান করছে ইউএস টপচার্টের শীর্ষে।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, ২০০৬ সালের সিনেমা ‘থ্রি হান্ড্রেড’-এর সিকুয়েল ‘থ্রি হান্ড্রেড: রাইজ অফ অ্যান এম্পায়ার’-এর সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছে অ্যানিমেশন সিনেমা ‘মি. পিবয় অ্যান্ড শারম্যান’।
‘থ্রি হান্ড্রেড: রাইজ অফ অ্যান এম্পায়ার’-এর পরের স্থানেই রয়েছে ‘মি. পিবয় অ্যান্ড শারম্যান’। সিনেমাটি আয় করেছে ৩ কোটি ২ লাখ মার্কিন ডলার।
দুটি সিনেমাই মুক্তি পাবার সঙ্গে সঙ্গে প্রথম স্থানে থাকা লিয়াম নিসন অভিনীত ‘নন-স্টপ’-কে সরিয়ে দিয়েছে তিন নম্বরে। এ সপ্তাহে সিনেমাটির মোট আয় ১ কোটি ৫৩ লাখ মার্কিন ডলার।
চতুর্থ স্থানে রয়েছে ১ ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত অ্যানিমেশন সিনেমা ‘দি লেগো মুভি’। সিনেমাটি আয় করেছে ১ কোটি ১০ লাখ ডলার। ৯৭ লাখ ডলার আয় করে পঞ্চম স্থানে রয়েছে ‘সন অফ গড’।
ফ্র্যাঙ্ক মিলারের গ্রাফিক নভেল ‘জেরেক্সাস’ অবলম্বনে নোয়াম মারোর পরিচালনায় ‘থ্রি হান্ড্রেড: রাইজ অফ অ্যান এম্পায়ার’ সিনেমায় অভিনয় করেছেন সালিভান স্টেপলটন, ইভা গ্রিন, লেনা হেডি, হান্স মাথসন, রড্রিক স্যানটরো। ১১ কোটি মার্কিন ডলার বাজেটের সিনেমাটি মুক্তির পরই আলোড়ন সৃষ্টি করেছে বক্স অফিসে।
এর আগে ২০০৭ সালের সিনেমা ‘থ্রি হান্ড্রেড’ও মুক্তির সঙ্গে সঙ্গেই অর্জন করেছিল ব্যাপক জনপ্রিয়তা। সাড়ে ছয় কোটি ডলার বাজেটে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে ৪৫ কোটিরও বেশি ডলার। গ্রিক রাজা লিওনিডাসের সঙ্গে পারস্য রাজ জেরেক্সাসের থার্মোপিলির যুদ্ধ অবলম্বনে নির্মিত ওই সিনেমায় মুখ্য চরিত্রগুলোতে অভিনয় করেছেন জেরার্ড বাটলার, লেনা হেডি, ডেভিড ওয়েনহ্যাম এবং ডমিনিক ওয়েস্ট। সিনেমাটি পরিচালনা করেছিলেন জ্যাক স্নাইডার।
