কঙ্গনাকে হিংসা করেন দীপিকা
সদ্যমুক্তিপ্রাপ্ত বলিউডি সিনেমা ‘কুইন’ দেখার পর থেকে অভিনেত্রী কঙ্গনা রানাউতকে হিংসা করতে শুরু করেছেন দীপিকা পাড়ুকোন।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ‘কুইন’ সিনেমায় কঙ্গনার অভিনয় এতটাই ভালো লেগেছে দীপিকার, এখন রীতিমতো কঙ্গনার প্রতি হিংসাই হচ্ছে তার।
দীপিকা বলেন, “আমি ‘কুইন’ সিনেমাটি দেখেছি। কঙ্গনা অসাধারণ অভিনয় করেছেন। তার অভিনয় দেখে আমার হিংসা হচ্ছে।”
কামিং অফ এজ কমেডি ড্রামা ধাঁচের ওই সিনেমার পরিচালক ভিকাশ বেহেলেরও প্রশংসা করেন দীপিকা। তার মতে, সিনেমাটিতে একজন নারীর অনুভূতি অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
দীপিকা বলেন, “দারুণ একটি সিনেমা ‘কুইন’। একজন নারী এবং তার সম্পর্কের ভেতরকার বিষয়গুলো নিখুঁতভাবে তুলে ধরেছেন ভিকাশ। অনেকদিন পর আমি অসাধারণ একটি সিনেমা উপভোগ করলাম।”
৭ মার্চ মুক্তি পেয়েছে নারীকেন্দ্রিক বলিউডি সিনেমা ‘কুইন’। মুক্তির পরই সিনেমাটি পেয়েছে দর্শক এবং সমালোচকদের মিশ্র সমালোচনা। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রাজকুমার রাও।
সিনেমাটিতে ছোট শহরের সাদাসিধা একজন ভারতীয় নারীর কাহিনি তুলে ধরা হয়েছে। দিল্লির রক্ষণশীল পরিবারের ২৪ বছর বয়সের একটি মেয়ে তার বিয়ে ভেঙে যাওয়ার পর হতাশা কাটিয়ে উঠতে একাই হানিমুনে প্যারিস এবং অ্যামস্টারডামে চলে যায়। সেখানে গিয়েই নিজেকে নতুন করে আবিষ্কার করে সে। সিনেমার কেন্দ্রীয় চরিত্র রানির ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা। অনুরাগ কশ্যপ এবং বিক্রমাদিত্য মতওয়ানি প্রযোজিত ওই সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও এবং লিসা হেইডন।
দীপিকা বর্তমানে ফারহা খান পরিচালিত ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমাটির শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন শাহরুখ খান। তাছাড়া আরও আছেন অভিষেক বচ্চন, বোমান ইরানি এবং সনু সুদ।
