আইজিসিসির প্রতিষ্ঠা বার্ষিকীতে ‘শেষরক্ষা’
মঞ্চ নাটকের দল ‘নাট্যজন’ রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘শেষরক্ষা’ পরিবেশন করবে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের (আইজিসি) চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে।
আইজিসিসি জানিয়েছে, জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
নাটকটির মঞ্চ, আলোক, পোশাক পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন মহসিনা আক্তার। শিল্প নির্দেশনা দিয়েছেন উত্তম গুহ। বিরতিহীন দেড় ঘণ্টার নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তবিবুল ইসলাম বাবু, বিজন সরকার, রাশিদুল হাসান লিটন, তাসলিমা জামাল শিমু, শিবলি রহমান, সুমনা, খন্দকার সোহান, অর্ণিলা গুহ নোলক এবং আরও অনেকে।
নির্দেশক বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হাসির নাটক ‘শেষরক্ষা’। এটিকে সুসমাপ্তিমূলক নাটক বলা যায়। চন্দ্রকান্ত, বিনোদ ও গদাই— এই তিন বন্ধুকে ঘিরে নাটকের কাহিনি এগিয়েছে। যাদের নানা ভুলভ্রান্তি দর্শকদের হাসতে বাধ্য করে।”
মঞ্চ নাটকের দল নাট্যজন প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে। ঢাকাকেন্দ্রিক দলটি বাংলাদেশের নানা প্রান্তে নিয়মিত নাটক পরিবেশন করছে। ‘শেষরক্ষা’ তাদের নবম প্রযোজনা।
নাট্যজন ‘আলেকবাবু’ নাটকের ইউনিট নিয়ে ইন্ডিয়ান কাউন্সিল ফল কালাচারাল রিলেশন্স-এর আমন্ত্রণে নয়াদিল্লি, লাক্ষ্ণৌ ও কলকাতা সফর করে ২০০৬ সালে।
কলকাতাকেন্দ্রিক নাটকের দল গান্ধার, সংলাপ ও লোককৃষ্টির সঙ্গে নাট্যজন যৌথভাবে নানা উদ্যোগে অংশ নিচ্ছে নিয়মিত।
ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ঢাকায় প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালের ১১ মার্চ। শুরু থেকেই গুলশান ও ধানমণ্ডিতে অবস্থিত দুটি কেন্দ্রের মাধ্যমে সংগীত, নৃত্য, নাটক, কবিতা আবৃতি, চলচ্চিত্র ও শিল্পকর্ম প্রদর্শনীসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ও প্রশিক্ষণের প্রদানের ব্যবস্থা করছে প্রতিষ্ঠানটি।
