২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনয়ে ফিরছেন শাইনি

ঘরের কাজে সাহায্যকারী ১৮ বছর বয়সী মেয়েটিকে ২০০৯ সালে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর দীর্ঘ বিরতির দিয়ে ‘ওয়েলকাম ব্যাক’ সিনেমার মাধ্যমে আবারও বলিউডে ফিরছেন অভিনেতা শাইনি আহুজা।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 04:17 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ২০০৭ সালের কমেডি সিনেমা ‘ওয়েলকাম’-এর সিকুয়েল ‘ওয়েলকাম ব্যাক’-এর একটি চরিত্রে অভিনয়ের জন্য শাইনিকে প্রস্তাব দিয়েছেন পরিচালক আনিস বাজমি। এ বিষয়টি নিশ্চিত করেছেন শাইনি নিজে।

শাইনি বলেন, “আমি ‘ওয়েলকাম ব্যাক’ সিনেমার একটি চরিত্রে অভিনয় করব। আনিস স্যার আমাকে ফোন করেন এবং আমাকে চরিত্রটি সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন। সিনেমার দ্বিতীয়ার্ধে মূলত দেখা যাবে আমার চরিত্রটি।”

শাইনি আরও জানান, “চরিত্রটি পুরোপুরি ভিন্ন। এর আগে এ ধরনের কাজ করিনি আমি। এবার কমেডি চরিত্রে কাজ করতে যাচ্ছি আমি।”

খুব শীঘ্রই দুবাইয়ে শুটিং শুরু করবেন শাইনি। ‘ওয়েলকাম ব্যাক’-এর মূল চরিত্রগুলোতে এবার অভিনয় করছেন নাসিরুদ্দিন শাহ, ডিম্পল কাপাডিয়া, জন আব্রাহাম, শ্রæতি হাসান, অনিল কাপুর, নানা পাটেকর এবং পরেশ রাওয়াল। তাদের শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে বলে জানা গেছে।

‘ওয়েলকাম’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রের অক্ষয় খান্না এবং ক্যাটরিনা এই সিকুয়েলে থাকছেন না।

২০০৯ সালে নিজের বাসার ১৮ বছরের কাজের মেয়েকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হন শাইনি। প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে মেডিকেল রিপোর্টে ধর্ষণের বিষয়টি স্পষ্ট সামনে আসে। আর তখন নিজে ধর্ষণের বিষয়টি স্বীকার করেন তিনি। প্রথমে তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হলেও পরবর্তীতে পুনরায় আপিল করা হয়। এরপর প্রায় পাঁচমাস জেলে কাটিয়েছেন তিনি।

জেল থেকে ছাড়া পেলেও বলিউড এবং ক্যামেরা থেকে দূরে ছিলেন দীর্ঘদিন। আবারও কাজ করার সুযোগ পেয়ে দারুণ আনন্দিত তিনি। তাছাড়া এ খবর জানতে পেরে তার পরিবারও খুশি বলে জানালেন শাইনি।

শাইনি বলেন, “আমার পরিবার কতটা খুশি হয়েছে তা আমি বলে বুঝাতে পারব না। আমি জানি না সামনে কী হবে তবে আমি এ কাজের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই।”