শিল্পকলায় ‘রাঢ়াঙ’
সাঁওতালদের অধিকার আদায়ের সংগ্রাম নিয়ে সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আরণ্যক নাট্যদল মঞ্চস্থ করবে নাটক ‘রাঢ়াঙ’। দলের ৪০তম প্রযোজনার এটি ১২৮তম মঞ্চায়ন।
নাটকের কাহিনি আবর্তিত হয়েছে, ২০০০ সালে নওগাঁর সাঁওতালদের ভূমি বিদ্রোহ নিয়ে। এ বিদ্রোহে নেতৃত্ব দেন তরুণ আলফ্রেড সরেন। তার নেতৃত্বে সাঁওতালদের সে বিদ্রোহ দেশব্যাপী আলোড়ন তুলেছিল। বিদ্রোহ দমাতে না পেরে জোতদারের দল আলফ্রেড সরেনকে হত্যা করেছিল। তার সেই আত্মদানের গল্প নিয়ে মামুনুর রশীদ রচনা করেছেন নাটক ‘রাঢ়াঙ’। নাটকের নির্দেশনাও দিয়েছেন তিনি।
দলের সিনিয়র সদস্য এবং ‘রাঢ়াঙ’-এর অভিনেতা শাহ আলম দুলাল গ্লিটজকে জানান, ‘রাঢ়াঙ’ একটি সাঁওতালি শব্দ। এর অর্থ দূরাগত মাদলের ধ্বনি। দূরাগত মাদলের ধ্বনির সঙ্গে শোষিত সাঁওতালদের জেগে ওঠার আহ্বান জানানো হয়েছে এই নাটকে।
এ নাটকের মাধ্যমে আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের ঘাত-প্রতিঘাত, হাসি-কান্না, জন্মভূমি থেকে উচ্ছেদ ও হত্যার নির্মমচিত্র ফুটে উঠেছে।
এ নাটকে আলফ্রেড সরেনের চরিত্রে অভিনয় করছেন মাসুদুজ্জামান মাসুদ। এতে ‘ব্যারিস্টার’ চরিত্রে মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী ‘দারোগা’, আ খ ম হাসান ‘পুলিশ’, জয়রাজ সাঁওতাল নেতা ও তমালিকা কর্মকার সাঁওতাল তরুণীর ভূমিকায় অভিনয় করেছেন।
‘রাঢাঙ’ এর প্রথম মঞ্চায়ন হয় ২০০৪ সালে। এরপর ভারত ও দক্ষিণ কোরিয়ার বেশকটি নাট্যোৎসবে অংশ নিয়েছে আরণ্যকের ‘রাঢ়াঙ’। এর শততম প্রদর্শনী মঞ্চস্থ হয় ২০১১ সালে।
শহীদ মুনীর চৌধুরী রচিত ‘কবর’ নাটক মঞ্চায়নের মাধ্যমে ১৯৭২ সালে যাত্রা শুরু করে আরণ্যক নাট্যদল। নাটকটি নির্দেশনা দিয়েছিলেন মামুনুর রশীদ। এরপর তিনি এ দলের হয়ে মঞ্চে ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘অববাহিকা’, ‘আগুনমুখা’, ‘পাথর’সহ বেশকটি নাটক নির্দেশনা দেন। ‘মে দিবস’, ‘কদম আলীর মে দিবস’, ‘ক্ষুধিরামের দেশ’-সহ বেশকটি পথনাটকেরও নির্দেশনা দিয়েছেন তিনি।
