বিদেশিনীর সঙ্গে সালমানের বিয়ে?
কোনো ভারতীয় নারী নয়, বরং বিদেশি কাউকে জীবনসঙ্গী করতে চান বলিউডি অভিনেতা সালমান খান।
কবে বিয়ে করবেন সালমান, কে হবেন তার বধূ? সালমান ভক্তসহ বেশিরভাগ সিনেমাপ্রেমীর মনে এই প্রশ্ন প্রায়ই উঁকি দেয়।
প্রেমের দিক থেকে অভিজ্ঞতার কমতি না থাকলেও বিয়ের ব্যাপারে বরাবরই উদাসীন সালমান।
তবে সম্প্রতি নিজের বিয়ে নিয়ে আশা প্রকাশ করেছেন এই অভিনেতা। তিনি মন্তব্য করেছেন, ভারতীয় নয়, বরং কোনো বিদেশিনীকে বিয়ের ইচ্ছা আছে তার।
খুব শীঘ্রই তার জীবনে অন্যরকম ‘পরিবর্তন’ আসার আভাসও দিয়েছেন সালমান।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে সালমান বলেন, “আমি এখন এক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। ১৫ বছর বয়সের পর থেকে আমি এ রকম সময় কাটাতে পারিনি। প্রথমবারের মতো আমি আমার চাওয়া-পাওয়ার হিসাব করছি, দীর্ঘশ্বাস ফেলার সুযোগ পাচ্ছি। গত আড়াই বছর ধরে আমি এভাবেই দিন কাটাচ্ছি। তবে আমার মনে হয় এখন দীর্ঘশ্বাস ফেলার সময় শেষ। কারণ খুব শীঘ্রই আমার জীবনে কিছু একটা হবে।”
সালমান আরও বলেন, “আমার বাবা হলেন পাঠান, মা হিন্দু। বিমাতা ক্যাথলিক খ্রিস্টান আর ভগ্নিপতি পাঞ্জাবি। আমার নিজের স্ত্রীর কথা বলতে গেলে, ভাবছি ভারতের বাইরে থেকে কাউকে নিয়ে আসব।”
এই পর্যায়ে সালমানকে জিজ্ঞেস করা হয় তার আগের প্রেমিকাদের ব্যাপারে।
উত্তরে সালমান বলেন, “প্রত্যেকের ব্যাপারেই আমি ভেবেছিলাম, হয়ত এই মেয়েকেই আমি খুঁজছি। তারা সবাই মানুষ হিসেবে ভালো ছিল। কিন্তু প্রেমিক হিসেবে আমি তেমন ভালো হতে পারিনি। আমি তাদের সবার চোখে বন্ধু হিসেবে খুবই ভালো ছিলাম, প্রেমিক হিসেবে নয়। আমার সাবেক প্রেমিকাদের কাছ থেকে এমনও শুনেছি, তারা আমাকে বন্ধু হিসেবে চমৎকার মনে করে কিন্তু প্রেমিক হিসেবে আমি খুবই খারাপ।”
সালমানের বিয়ে এখন পুরো বলিউডের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনকি তার কাছের বন্ধু আমির খানও ইচ্ছা প্রকাশ করেছিলেন সালমান যেন এবার ঘর বাঁধেন।
সালমানের জীবনে বিদেশিনীদের আনাগোনা নতুন নয়। সোমি আলি থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ, রোমানিয়ান অভিনেত্রী লুলিয়া ভেনটুর আর সবশেষে সুইডেনের এলি আভ্রাম-- এদের মধ্যে কারও সঙ্গে সত্যি প্রেম করেছেন সালমান, আবার কেউ গুঞ্জনের খোরাক।
২০১৩ সালের অন্যতম সাড়া জাগানো খবর ছিল লুলিয়া ভেনটুরের সঙ্গে সালমানের বিয়ের গুজব।
গসিপ ওয়েবসাইট ‘ফিল্মি ফোকস’ জানিয়েছে, ২০১১ সালে সংগীতশিল্পী প্রেমিক মারিয়াস মগার সঙ্গে প্রথম ভারতে পা রাখেন লুলিয়া। এরপর তাদের বিচ্ছেদ ঘটে। প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকেই সালমানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে লুলিয়ার।
সালমানের হোম প্রোডাকশনের সিনেমা ‘ও তেরি’তে একটি আইটেম গানে নাচতে দেখা যাবে ৩৩ বছর বয়সী রোমানিয়ান এই অভিনেত্রীকে। তার সঙ্গে থাকবেন সালমান।
এদিকে সালমানের সঙ্গে যুক্ত হয়েছে এলি আভ্রামের নাম। ‘মিকি ভাইরাস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে সুইডেনের অভিনেত্রী এলির। এরপর তিনি যোগ দেন ‘বিগ বস’ অনুষ্ঠানে, যেখানে উপস্থাপক হিসেবে ছিলেন সালমান। ‘বিগ বস’এর পর থেকে এলির সঙ্গে প্রায়ই সময় কাটাতে দেখা গেছে সালমানকে।
