২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও বাবা হবেন বেল

অভিনেতা ক্রিস্টিয়ান বেল আরও একবার বাবা হচ্ছেন।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 03:40 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

ব্যাং শোবিজের খবর অনুযায়ী, নিজের মুখে কিছু না বললেও সম্প্রতি গর্ভবতী স্ত্রীকে নিয়ে ক্যামেরার সামনে হাজির হন বেল।

৩ মার্চ অনুষ্ঠিত অস্কারের আসরে স্ত্রী সিবি ব্লাজিকের সঙ্গে হাজির হয়েছিলেন বেল। স্ত্রীর গর্ভধারণের বিষয়ে মুখ খোলেননি তিনি। এমনকি তার মুখপাত্রকে জিজ্ঞেস করার পরেও কিছু জানা যায়নি।

স্ত্রী সিবির সঙ্গে বেলের রয়েছে আট বছর বয়সী মেয়ে এমেলিন।

বাবা হওয়ার অনুভূতিকে জীবনের ‘শ্রেষ্ঠ’ অনুভূতি বলেই মনে করেন বেল।

২০১২ সালে তিনি বলেছিলেন, “বাবা হওয়ার চাইতে চমৎকার বিষয় জীবনে আর কিছুই হতে পারে না। আমার মেয়েকে ছেড়ে আমার একটি মুহূর্তও থাকতে ইচ্ছা করে না।”

২০০০ সালে সিবির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন বেল। তবে সিবির সঙ্গে পরিচয়ের আগে বিয়ের ব্যাপারে মোটেও আগ্রহী ছিলেন না তিনি। কারণ নিজের বাবা-মার সম্পর্ককে খুবই খারাপভাবে শেষ হতে দেখেছেন বেল।

সে সময় বেল বলেন, “আমি কোনদিনও ভাবিনি বিয়ে করব। আমার পরিবারের সবাইকে দেখেছি বিয়ের পর খুবই খারাপভাবে বিচ্ছেদ ঘটাতে, তাই বিয়ের ব্যাপারে আমার খুব একটা আগ্রহ ছিল না। কিন্তু সিবির সঙ্গে পরিচয়ের পর মনে হল বিয়েই হবে সঠিক সিদ্ধান্ত।”

ব্রিটিশ অভিনেতা ক্রিস্টিয়ান বেল হলিউডি সিনেমায় অভিনয় করছেন আশির দশকের শুরু থেকে। ‘আমেরিকান সাইকো’, ‘ব্যাটম্যান সিরিজ’, ‘দ্য প্রেস্টিজ’এর মতো হলিউডি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

২০১১ সালে মুক্তি পাওয়া ‘দ্য ফাইটার’ সিনেমার জন্য পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা হিসেবে ক্যারিয়ারের প্রথম অস্কার পান বেল।

২০১৩ সালে মুক্তি পেয়েছে বেল অভিনীত সিনেমা ‘আমেরিকান হাসল’। এই সিনেমার জন্য বেল পেয়েছিলেন সেরা অভিনেতা হিসেবে অস্কারের মনোনয়ন।

চলতি বছর মুক্তি পাবে বেল অভিনীত সিনেমা ‘এক্সোডাস’। রিডলি স্কট পরিচালিত ওই সিনেমায় ‘মোজেস’-এর ভূমিকায় অভিনয় করবেন তিনি।