২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বক্সিং শিখছেন সোনাক্ষি

বিপুল শাহ প্রযোজিত নতুন সিনেমায় অভিনয়ের জন্য এবার বক্সিং শিখছেন বলিউডি অভিনেত্রী সোনাক্ষি সিনহা।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 03:38 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

টাইমস অফ ইন্ডিয়া জানায়, এই সিনেমায় অক্ষয় কুমারের প্রেমিকা হিসেবে অভিনয় করবেন সোনাক্ষি। সিনেমাটির নাম হবে ‘হলিডে: এ সোলজার ইজ নেভার অফ ডিউটি’।

ওই সিনেমায় বক্সিং খেলোয়াড় লায়লা আলির মতো সেজেছেন সোনাক্ষি।

তামিল সিনেমা ‘থুপাক্কি’র হিন্দি রিমেক হবে ‘হলিডে: এ সোলজার ইজ নেভার অফ ডিউটি’। অ্যাকশন থ্রিলার ধাঁচের এই সিনেমা পরিচালনা করবেন এ আর মুরুগাদোস। ‘থুপাক্কি’র পরিচালকও ছিলেন তিনি।

সিনেমায় মূল চরিত্রে থাকবেন অক্ষয় কুমার এবং সোনাক্ষি সিনহা। পার্শ্ব চরিত্রে দেখা যাবে গোবিন্দকে।

‘হলিডে’ মুক্তি পাবে চলতি বছরের ৬ জুন।

অভিনেতা শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষির বলিউডে যাত্রা শুরু হয় ২০১০ সালে ‘দাবাং’ সিনেমার মাধ্যমে। ‘দাবাং’য়ে সোনাক্ষির সঙ্গে অভিনয় করেছিলেন সালমান খান।

এরপর থেকে মুলত অ্যাকশন-থ্রিলার এবং অ্যাকশন-কমেডি ধাঁচের সিনেমাতেই বেশি অভিনয় করেছেন সোনাক্ষি। বলিউডের অ্যাকশন হিরো অক্ষয়ের সঙ্গে এখন পর্যন্ত তিনটি সিনেমায় অভিনয় করেছেন সোনাক্ষি।

চলতি বছর মুক্তি পাবে সোনাক্ষি অভিনীত আরও দুটি সিনেমা। অ্যাকশন মুভি ‘অ্যাকশন জ্যাকসন’-এ সোনাক্ষির বিপরীতে থাকবেন অজয় দেবগন। এরপর মুক্তি পাবে ‘তেভার’। অর্জুন কাপুরের সঙ্গে অভিনীত সোনাক্ষির এই সিনেমাটিও হবে অ্যাকশন ড্রামা ধাঁচের।

এদিকে এ বছর মুক্তি পাবে অক্ষয়ের তিনটি সিনেমা। ‘হলিডে’র পাশাপাশি অক্ষয়ের হাতে আছে ‘ইটস এন্টারটেইনমেন্ট’ এবং ‘গাব্বার’। কমেডি ধাঁচের সিনেমা ‘ইটস এন্টারটেইনমেন্ট’-এ অক্ষয়ের সঙ্গে অভিনয় করবেন তামান্না ভাটিয়া, এটি মুক্তি পাবে ৮ অগাস্ট। শ্রুতি হাসানের বিপরীতে অভিনীত ‘গাব্বার’ হবে অ্যাকশন ড্রামা ধাঁচের, মুক্তি পাবে ২৫ ডিসেম্বর।

অক্ষয় ব্যস্ত আছেন আরও দুটি সিনেমার কাজে, যেগুলো মুক্তি পাবে ২০১৫ সালে। সিনেমা দুটি হল ‘জয় হিন্দ’ এবং ‘আরাম্বাম রিমেক’।