২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাচ শিখলেন সেলেনা-বিবার

টেক্সাসের অ্যাকশন ড্যান্স স্টুডিওতে কোরিওগ্রাফারের কাছে শুক্রবার দুঘন্টা নাচের তালিম নিয়েছেন তরুণ পপতারকা জাস্টিন বিবার এবং তার প্রেমিকা ও পপতারকা সেলেনা গোমেজ।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 03:33 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

ব্যাং শোবিজ জানায়, ৭ মার্চ টেক্সাসে একসঙ্গে সময় কাটান ওই সেলিব্রেটি জুটি। সকালের নাস্তা এবং কেনাকাটার পর তারা দুজনে নাচ শিখতে যান। তারা অ্যাকশন ড্যান্স স্টুডিওর কোরিওগ্রাফারের কাছে নাচের তালিম নেন।

২০১০ সাল থেকে চলে আসছে বর্তমানে ২০ বছর বয়সী বিবার এবং ২১ বছর বয়সী সেলেনার সম্পর্ক। এরমধ্যে বেশ কয়েকবার তাদের ছাড়াছাড়ি হয়েছে। তবে বারে বারেই একে অপরের কাছে ফিরে গেছেন তারা। টিএমজেডডটকমকে স্টুডিওটির মালিক জানায়, সেলেনা এবং বিবারের একে অপরের প্রতি ভালোবাসা অনেক বেশি।  নাচ শেখার সময় তারা “খুবই অন্তরঙ্গ” সময় কাটিয়েছেন।

সদ্য সমাপ্ত অস্কার আসরের পরপরই বিবার তার ইন্সস্টাগ্রামে সেলেনার একটি ছবি পোস্ট করেন। ছবিটিতে সেলেনার পরনে ছিল এমিলিও পুচির ডিজাইনার ড্রেস।

ছবিটির ক্যাপশনে বিবার লেখেন, “বিশ্বের সবচেয়ে সুন্দর রাজকন্যা।”

কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে মাতাল অবস্থায় বেপরোয়া গাড়ি চালানোর কারণে আইনি ফ্যাসাদে পড়তে হয়েছিল বিবারকে। সেই সঙ্গে উগ্র ব্যবহারের কারণেও কিছুটা ঝামেলা পোহাতে হয়েছিল তাকে। কানাডার নাগরিক বিবারের এক আত্মীয় সে সময় সংবাদ মাধ্যমকে বলেন সেলেনার সঙ্গে সম্পর্ক ভাঙার কারণেই বিষন্নতা থেকে বিবারের আচরণে গলদ দেখা দিয়েছে।

২০১০ সালের ডিসেম্বর মাসে অস্কার ভ্যানিটি পার্টির পর প্রেমের সম্পর্কে জড়ান বিবার এবং সেলেনা। দুবছর ডেট করার পর ভেঙে যায় ওই সম্পর্ক। তবে মাস খানেক পরই আবার সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। তবে তারপরও মনোমালিন্য লেগেই ছিল। আরও একবার ভাঙনের পর ২০১৩ সালের শেষে আবার ডেট করা শুরু করেন তারা।