নারীবাদী গল্পে ধারাবাহিক ‘সোনালি মেঘের ভেলা’
দুই কর্মজীবী নারীর জীবনযুদ্ধের গল্প নিয়ে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘সোনালি মেঘের ভেলা’। এটি তরুণ নির্মাতা তৌহিদ খান বিপ্লব ও মনিরুজ্জামান লিপনের প্রথম ধারাবাহিক।
ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দীপা খন্দকার ও উর্মিলা খন্দকার। এতে তাদের অভিনীত চরিত্রের নাম শ্রাবণী ও অনন্যা। শ্রাবণীর স্বামী সাব্বিরের চরিত্রে অভিনয় করছেন আরমান পারভেজ মুরাদ।
এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সারা যাকের, মাসুদ আলী খান, ওয়াহিদা মল্লিক জলি, তানিয়া হোসাইন, দিহান, হাসিন রওশন, শাহাদাত হোসেন, তৃপ্তি চক্রবর্তী।
এতে দেখা যাবে, এক মধ্যবিত্ত রক্ষণশীল পরিবারের মেয়ে অনন্যা পড়াশোনা শেষে চাকরি খুঁজতে শুরু করে। কিন্তু তার বড় ভাই সাব্বির এর বিরোধিতা করে। সে বোনকে বিয়ে দিতে চায়। এর প্রতিবাদ জানায় অনন্যা। তার সঙ্গে সুর মেলায় ভাবী শ্রাবণীও। ছয় বছরের দাম্পত্য জীবনে নিঃসন্তান শ্রাবণী সাব্বিরের উপর নির্ভরশীল না হয়ে চাকরি খুঁজতে শুরু করে।
ভাবী ও ননদ একদিন কাজ পেয়ে যায়। শ্রাবণী একটি বায়িং হাউজে এবং অনন্যা টিভি সিরিয়ালে অভিনয়ের সুযোগ পায়। এ নিয়ে তাদের পরিবারের শুরু হয় দ্বন্দ্ব। এছাড়া কর্মক্ষেত্রেও নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয় ননদ-ভাবীকে। কিন্তু ননদ ও ভাবী দুজনই প্রতিজ্ঞা করে, সব বাধা জয় করে জীবনযুদ্ধে জয়ী হবেই তারা।
একটি অনুষ্ঠান নির্মাণ প্রতিষ্ঠানের প্রধান সম্পাদক তৌহিদ খান বিপ্লব ২০১২ সালে ‘বন্ধ করো না পাখা’ নাটকের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর ‘তবু তুমি আমার’ নামে আরও একটি নাটক নির্মাণ করেছেন তিনি।
‘সোনালি মেঘের ভেলা’ রবি থেকে বৃহস্পতিবার রাত ১০টা ৩০মিনিটে দেশটিভিতে প্রচারিত হবে।
