২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমিনেমের বদলে গিলেনহাল

নির্মাতা অ্যান্টোয়েন ফুকারের নতুন সিনেমা ‘সাউথপ’-এ এমিনেমের পরিবর্তে অভিনয় করবেন অভিনেতা জেইক গিলেনহাল।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2014, 05:42 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

কন্টাক্টমিউজিক জানায়, বক্সিং মুভি ‘সাউথপ’-এর মূলচরিত্রে অভিনয় করার কথা ছিল গায়ক এমিনেমের। কিন্তু শেষমেশ তিনি এই সিনেমায় অভিনয় করতে রাজি না হওয়ায় তার স্থান নিয়েছেন গিলেনহাল।

ডেডলাইন জানিয়েছে, সিনেমায় একজন বাঁহাতি বক্সিং চ্যাম্পিয়নের ভূমিকায় অভিনয় করবেন গিলেনহাল। এখানে দেখা যাবে ব্যক্তিগত জীবনে খুবই অসুখী একজন বক্সার তার ক্যারিয়ারের সর্বোচ্চ সম্মাননার জন্য লড়াই করছেন।

অ্যাকশনধর্মী ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা নির্মাণের জন্য পরিচিত অ্যান্টোয়েন ফুকার ১৫তম সিনেমা হতে যাচ্ছে ‘সাউথপ’। ২০০৯ সালের ক্রাইম থিলার ‘ব্রুকলিন’স ফাইনেস্ট’-এর জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত। রিচার্ড গিয়ার, ওয়েসলি স্নাইপস, ইথান হক্স এবং ডন শিডল অভিনীত ওই সিনেমার কাহিনি আবর্তিত হয়েছিল নিউইয়র্ক শহরের পুলিশ এবং অপরাধীদের গল্প নিয়ে।

ফুকার পরিচালিত সর্বশেষ সিনেমা ‘অলিম্পাস হ্যাজ ফলেন’ মুক্তি পায় ২০১৩ সালে। সিনেমাটতে অভিনয় করেছিলেন মর্গান ফ্রিম্যান এবং জেরার্ড বাটলার।

আমেরিকান র্যাপার এমিনেম গান গাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। অভিনেতা হিসেবে তার অভিষেক হয় ২০০১ সালের সিনেমা ‘দ্য ওয়াশ’-এর মাধ্যমে।

২০১৩ সালে সাইফাই মুভি ‘এলিসিয়াম’-এর মূলচরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল এমিনেমকে। কিন্তু সেবারও অভিনয় করতে রাজি হননি তিনি।

ওদিকে, অভিনেতা হিসেবে গিলেনহাল হলিউডে পা রাখেন নব্বইয়ের দশকের শুরুতে। ২০০৫ সালে ‘ব্রোকব্যাক মাউন্টেইন’ সিনেমায় অভিনয়ের জন্য বাফটা পুরস্কার পান তিনি। একই সিনেমার জন্য অস্কারের মনোনয়নও পেয়েছিলেন এই অভিনেতা।

পরবর্তীতে ‘জোডিয়াক’, ‘সোর্স কোড’, ‘লাভ অ্যান্ড আদার ড্রাগস’-এর মতো সিনেমায় অভিনয় করে পরবর্তীতে আলোচনায় আসেন গিলেনহাল।