নারী দিবসে বটতলার ‘খনা’
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার অফিসার্স ক্লাবে মঞ্চস্থ হবে বটতলার নাটক ‘খনা’। এটি ‘খনা’-র ৪১তম মঞ্চায়ন।
নাটকটি রচনা করেছেন সামিনা লুৎফা নিত্রা ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।
‘খনা’ নাটকের কেন্দ্রীয় চরিত্র লীলাবতী, যিনি পরবর্তীতে খ্যাতিলাভ করেন ‘খনা’ নামে। জ্যোতিষী লীলাবতীর স্বামী মিহিরও একজন জ্যোতিষী।
খনার শ্বশুর বরাহ মিহিরও খ্যাতিমান জ্যোতিষী। তিনি পুত্রবধূর খ্যাতিতে ঈর্ষা করেন। লীলাবতীকে নানাভাবে হেয় প্রতিপন্ন করার ব্যর্থ প্রয়াসের পর একদিন তার জিহ্বা কর্তনের নির্দেশ দেন বরাহ। তারপরও থেমে থাকে না সে। সত্যানুসন্ধানে সে মৃত্যুর মুখোমুখি হতেও ভয় পায় না।
বটতলার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, “শুধু নারী জীবনের গল্প নয়, এ নাটকে সত্যান্বেষী খনা চরিত্রের মাধ্যমে শ্রেণিবৈষম্যকেও কটাক্ষ করা হয়েছে প্রবলভাবে।”
নাটকের ‘খনা’ চরিত্রে সামিনা লুৎফা নিত্রা, ‘মিহির’ চরিত্রে খালিদ হাসান রুমি, ‘বরাহ’ চরিত্রে ইমরান খান মুন্না অভিনয় করবেন।
নাটকের মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন আবু আউদ আশরাফী, সুর ও সংগীত পরিচালনায় রয়েছেন ব্রাত্য আমিন, শারমিন ইতি ও জিয়াউল আবেদীন রাখাল।
২০০৮ সালে ‘ধামাইল’ নাটকের মাধ্যমে যাত্রা শুরু করে নাট্যদল বটতলা। এরপর তারা মঞ্চে আনে নাটক ‘একজন রুহুল আমিন’। র্যাংগস ভবন দুর্ঘটনায় নিহত রাজমিস্ত্রী রুহুল আমিনের উপর ভিত্তি করে রচিত হয়েছিল নাটকটি। ‘খনা’ বটতলার তৃতীয় প্রযোজনা।
কুমিল্লা সংস্কৃতি উৎসবে ‘খনা’
