২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারী দিবসে শিল্পকলার নানা আয়োজন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৬ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তাদের আয়োজনের মধ্যে রয়েছে চলচ্চিত্র প্রদর্শনী এবং মঞ্চ নাটক।

জয়ন্ত সাহা

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2014, 05:17 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

এর আগে শনিবার সকালে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারী দিবসের আয়োজনে অংশ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সেখানে লোকনাট্যদল ‘লীলাবতী’ নাটকের কিছু অংশ মঞ্চস্থ করে। এরপর একাডেমির নৃত্যদল ‘আমরা একুশ শতকের নারী’-- শিরোনামে একটি গানের সঙ্গে নাচ পরিবেশন করে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নারী দিবসের অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন শিশুসাহিত্যিক ও নাট্যকার বেগম মমতাজ হোসেন। একাডেমির নাটক ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের সহকারী পরিচালক চাকলাদার মোস্তফা আল মাসুদ এ বিষয়ে জানান, এদিন মঞ্চস্থ হবে লোকনাট্যদলের ‘লীলাবতী’ নাটকের কিছু অংশ। নাটকটি নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটক ‘বিদেহ’। শাহমান মৈশানের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন লাকী ইনাম।

সোমবার চিত্রশালা মিলনায়তনে কোহিনুর আক্তার সূচন্দা পরিচালিত চলচ্চিত্র ‘হাজার বছর ধরে’ প্রদর্শিত হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। মঙ্গলবার একই সময় ও স্থানে প্রদর্শিত হবে সামিয়া জামান পরিচালিত চলচ্চিত্র ‘রাণী কুঠির বাকি ইতিহাস’।

মঙ্গলবার চিত্রশালা মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় থাকছে বাচিকের নাটক ‘যুক্ত’। মল্লিকা সেনগুপ্তের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন নিশাত জাহান রানা। মঞ্চায়ন শেষে পরিবেশিত হবে ঝর্ণা সরকারের একক আবৃত্তি অনুষ্ঠান ‘আমি বীরাঙ্গনা বলছি’।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সমাপনী অনুষ্ঠানে সমাপনী আলোচনার মোড়ক উন্মোচন করা হবে। এদিন বীরাঙ্গনা বীরমাতাদের জবানবন্দিতে ’৭১-এর ভয়াল স্মৃতি শিরোনামে একটি তথ্যচিত্র প্রদর্শিত হবে। এরপর লোকনাট্যদলের ‘লীলাবতী আখ্যান’ নাটকের মঞ্চায়নের মাধ্যমে যবনিকা টানা হবে ৬ দিনের আয়োজনমালার।