সালমানের নতুন প্রেমিকা এলি
নবাগত অভিনেত্রী এলি আভ্রামের সঙ্গে সালমান খানের বাড়তে থাকা ঘনিষ্ঠতা দেখে বলিউডে গুজব ছড়িয়েছে তাদের প্রেমের।
অতিথিপরায়ণ মনোভাবের জন্য বরাবরই পরিচিত সালমান এবং তার পরিবার। ৬ মার্চ বৃহস্পতিবার সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঘরোয়াভাবে অনুষ্ঠিত হয়েছিল এক পার্টি। সেখানে উপস্থিত ছিলেন তার দুই বন্ধু, অনু এবং সানি দেওয়ান।
মিডডে জানায়, ঘনিষ্ঠ বন্ধুদের ওই পার্টিতে অংশ নিয়েছিলেন এলি আভ্রাম।
এক সূত্রের বরাতে মিডডে জানিয়েছে, শুটিংয়ের কাজে সবসময়ই ব্যস্ত থাকেন সালমান। তাই কাজের ফাঁকে যখনই সময় পান, চেষ্টা করেন পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময়টুকু উপভোগ করতে।
সূত্রটি জানায়, সাজিদ নাদিয়াদওয়ালার নতুন সিনেমা ‘কিক’এর কাজে এখন খুবই ব্যস্ত রয়েছেন সালমান। সেইসঙ্গে শুটিং করছেন নিজের প্রোডাকশনের সিনেমা ‘ও তেরি’র জন্য। এরই মাঝে কিছুটা সময় অবসর পাওয়ার পর সেদিন রাতে নিজের ফ্ল্যাটে ডিনার পার্টির আয়োজন করেন সালমান।
সেদিন সন্ধ্যায় অতিথি হিসেবে সবচেয়ে প্রথম উপস্থিত হয়েছিলেন যিনি, তিনি হলেন এলি আভ্রাম। এরপর পার্টিতে যোগ দেন সালমানের বন্ধুরা এবং বাবা-মা।
২০১৩ সালে মুক্তি পাওয়া ‘মিকি ভাইরাস’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সুইডিশ বংশোদ্ভূত অভিনেত্রী এলি। ২৩ বছর বয়সী এলি সম্প্রতি রিয়্যালিটি শো ‘বিগ বস’এ অংশ নিয়েছিলেন। আর তখনই সালমান খানের সঙ্গে তার ঘনিষ্ঠতার সুযোগ হয়।
৪৮ বছর বয়সী সালমানের সঙ্গে এর আগেও যুক্ত হয়েছে অনেক বিদেশি সুন্দরীর নাম। এর শুরুটা হয় বলিউডে তার প্রথম প্রেমিকা সোমি আলীর মাধ্যমে।
ব্রিটিশ-পাকিস্তানি অভিনেত্রী সোমি আলীর সঙ্গে বেশ কয়েক বছর প্রেম করেন সালমান। পরবর্তীতে অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে সালমানের ঘনিষ্ঠতা বাড়লে ভেঙে যায় তাদের সম্পর্ক।
সোমির সঙ্গে আজও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন সালমান।
এরপর ২০০৭ সালে ‘মারিগোল্ড’ সিনেমায় অভিনয়ের সময় হলিউডি অভিনেত্রী অ্যালি লার্টারের সঙ্গে শোনা গেছে সালমানের ঘনিষ্ঠতার খবর। তবে সেই গুঞ্জন বেশিদিন টেকেনি।
পোলিশ-জার্মান মডেল ক্লডিয়া সিয়েজলার সঙ্গেও প্রেমের গুঞ্জন চলেছে সালমানের। অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘খিলাড়ি ৭৮৬’এ ‘বালমা’ গানের সঙ্গে নাচেন তিনি।
রোমানিয়ান অভিনেত্রী লুলিয়া ভেনটুরের সঙ্গে সালমানের বন্ধুত্ব বেশ আলোড়ন তুলেছিল টিনসেলে। ‘কিক’ সিনেমার সেটে সালমানের সঙ্গে তোলা লুলিয়ার ছবি বেশ কয়েকদিন ধরে ইন্টারনেটে ঝড় বইয়ে দিয়েছে। এমনও শোনা গিয়েছিল, শেষ পর্যন্ত লুলিয়াই হবেন সালমানের বধূ। কিন্তু পরে জানা যায়, রোমানিয়ান সংগীতশিল্পী মারিয়াস মগার সঙ্গে অনেক আগেই গাঁটছড়া বেঁধেছেন লুলিয়া।
সালমানের বিদেশি প্রেমিকাদের এই তালিকায় আরও আছেন ‘বডিগার্ড’-খ্যাত অভিনেত্রী হেইজেল কিচ। ব্রিটিশ বংশোদ্ভূত এই অভিনেত্রীকে ক্যাটরিনার মতো করে হিন্দি শিখতে সাহায্য করছেন সালমান।
২০১৩ সালের ‘বিগ বস’ অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন তিনি।
তবে এই বিদেশিনীদের মধ্যে বর্তমানে যিনি সালমানের মনের সিংহাসনে বসে আছেন, তিনি হলেন এলি আভ্রাম। ২০১৩ সালে সালমানের জন্মদিনের অনুষ্ঠানে তিনি ছিলেন বিশেষ অতিথি।
এক সূত্রের বরাতে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, আগামী সিনেমায় এলিকে নেওয়ার জন্য নির্মাতা কুনাল কোহলিকে অনুরোধও করেছেন সালমান।
