তিন নারীর চোখে
ক্যামেরার সামনে নয়, পেছনে যখন থাকেন নারী তখন তার চোখে দেখা বিশ্ব কিছুটা ভিন্ন হয়েই থাকে। রেবেকার ‘বিন্দু থেকে বৃত্ত’ সিনেমার মাধ্যমে ১৯৭০ সালে পথচলা শুরু হয় বাংলাদেশের নারী পরিচালকদের।
এরপর মিডিয়াতে অনেক নারী পরিচালক এসেছেন। নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে কেউ টিকে গেছেন, কেউ আবার হারিয়ে গেছেন। পূর্ণদৈর্ঘ্য সিনেমার পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নাটকেও বেশকজন নারী পরিচালকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। তাদের সংখ্যাও বাড়ছে। এ সময়ের তিন ব্যস্ত পরিচালক ইসমত আরা চৌধুরী শান্তি, চয়নিকা চৌধুরী এবং ইরানি বিশ্বাস নিজেদের জীবনযুদ্ধের পাশাপাশি নারী পরিচালকদের করণীয় ও নাটক-সিনেমাতে নারীকে উপস্থাপনের ধরন নিয়ে কথা বলেছেন গ্লিটজের সঙ্গে। তাদের মতে, নাটক ও সিনেমাতে নারী পরিচালকের সংখ্যা আরও বাড়া উচিত।
নারীকে উপস্থাপনের বর্তমান ধরন সঠিক নয় : ইসমত আরা চৌধুরী শান্তি
একটি জাতির পরিচয় প্রকাশের অন্যতম মাধ্যম হচ্ছে চলচ্চিত্র । চলচ্চিত্রের মাধ্যমে দেশের সাধারণ মানুষের কাছে অনেক বার্তা পৌঁছে দেওয়া সম্ভব। কিন্তু এ চলচ্চিত্রেই আমরা নারী অবমাননার চিত্রগুলো তুলে ধরছি যুগ যুগ ধরে। নারীর প্রতি সহিংসতা বৃদ্ধির কারণ হিসেবে অনেকেই সিনেমার দিকে আঙুল তোলেন। এ নিয়ে সিনেমার কর্তাব্যক্তিরাও তেমন সোচ্চার হননি। নারীর বর্তমান বাণিজ্যিক উপস্থাপনের ধরন মোটেই সঠিক নয়। সবখানে নারীকে ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
এসব দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি, সিনেমার পরিচালক হতে হবে। নানা প্রতিকূলতার ভয়ে নারী পরিচালকরা যদি হাত-পা গুটিয়ে বসে থাকেন, তাহলে শুধু পিছিয়ে পড়তে হবে। এসবের সঙ্গে লড়াই করে টিকে থাকার মানসিকতা চাই।
আমি নারী পরিচালক হিসেবে নয়, শুধু পরিচালক হিসেবেই পরিচিতি চাই। নারী অধিকার তো বটেই, আমি মানুষের অধিকার নিয়েও কাজ করতে চাই। কোনো ধারায় গণ্ডিবদ্ধ হতে চাই না। নারী পরিচালকদের নিয়ে নানা ভ্রান্ত ধারণার অবসান ঘটাতে চাই আমি।
সবার আগে চাই পারিবারিক সহযোগিতা: চয়নিকা চৌধুরী
প্রযুক্তির উৎকর্ষতার যুগে নারী পরিচালকদের সংখ্যা আরও বাড়া উচিত ছিল। মিডিয়া স্টাডিজ বিষয়ে পড়াশোনা করা মেয়েরাও কিন্তু এ পেশায় আসতে পারত। কিন্তু নানা প্রতিকূলতায় তারা আসেনি। এ জন্য আমি সবার আগে পরিবারকেই দায়ী করব। নাটক বা সিনেমাতে পরিচালক হবে মেয়ে, এমনটা মেনে নিতে পারে না পরিবার। শিক্ষিত পরিবারেই এ সমস্যা প্রকট। এমন কূপমন্ডুক চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে পারছে না তারা। এটা ভীষণ দুঃখজনক। নারী পরিচালকদের জন্য সবার আগে চাই পারিবারিক সহযোগিতা।
নারীদের নিয়ে নির্মিত নাটকের গল্প নিয়েও কাজ করার আছে। দর্শককে কোনো বার্তা দিতে হলে তাকে আনন্দের মাধ্যমেই দিতে হবে। কাঠখোট্টা গল্পের মাধ্যমে তা কঠিন হয়ে পড়ে। নারীবাদী নাটক মানেই সংগ্রামী নারীর জীবনচিত্র, তা কিন্তু নয়। অন্যভাবেও নারীকে ফুটিয়ে তোলা যায়।
মেয়েদের মধ্যে যারা পরিচালনার ক্ষেত্রে নাম লেখাচ্ছে, তাদের বলব- পরিচালনা বড় সোজা কাজ নয়। একজন পরিচালককে সবদিক নিয়ে জানতে হবে। কাজের প্রতি মমত্ববোধ ও ভালোবাসা থাকতে হবে।
গৎবাধা কাজ করলে চলবে না: ইরানি বিশ্বাস
পুরুষতান্ত্রিক মিডিয়াতে নারী পরিচালকদের টিকে থাকা দুষ্কর। একটুখানি অসতর্ক হলেই মিডিয়া ছাড়তে হবে। অনেক ধরাবাঁধা নিয়মের মধ্যে নারীদের পথ চলতে হয়। এ সিস্টেমও সহজে পরিবর্তন করা যাবে না।
পুরুষের সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকতে হলে নিজের ভাবধারার পরিবর্তন করতে হবে। অনেকেই ‘নারী’ বলে সুবিধা আদায়ের চেষ্টা করেন। পেশাগত দিক থেকে নারী-পুরুষের কোনো বিভেদ নেই। নারী বা পুরুষ হিসেবে নয়, একজন পরিচালকের একটাই পরিচয় তার পেশা।
পরিচালক হিসেবে আমার প্রথম লক্ষ্য, আমি গৎবাঁধা কোনো নাটক নির্মাণ করব না। আমার প্রতিটি নাটকের গল্প আলাদা। নারীবাদী গল্প নিয়েও আমার বেশ কিছু পরিকল্পনা আছে। নারীকে একটু অন্যভাবে উপস্থাপন করতে চাই।
