নারী দিবসে স্বপ্নদলের সম্মাননা
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে ‘মঞ্চজননী’ আখ্যায়িত করে আনুষ্ঠানিক সম্মাননা প্রদান করবে নাট্যসংগঠন স্বপ্নদল।
সোনারগাঁওয়ে চিত্রাঙ্গদা
একই সঙ্গে ‘নক্ষত্রগর্ভা-জননী’ অভিধায় স্বপ্নদলের নিয়মিত নাট্যকর্মীদের মায়েদেরও সম্মান জানানো হবে বলে গ্লিটজকে জানিয়েছেন দলের প্রধান সম্পাদক জাহিদ রিপন।
জাহিদ রিপন জানান, রোববার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে তারা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট(আইটিআই)বিশ্বকেন্দ্রের সভাপতি রামেন্দু মজুমদার।
জাহিদ রিপন জানান, সম্মাননা প্রদান শেষে তারা মঞ্চস্থ করবে দলের ১১তম প্রযোজনা ‘চিত্রাঙ্গদা’। নারীর আত্ম–অধিকারবিষয়ক এই নাটকের নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এটি নাটকের ৩২তম মঞ্চায়ন।
নাটকে ‘চিত্রাঙ্গদা’ চরিত্রে অভিনয় করেছেন সুকন্যা আমীর ও ফারজানা রহমান মিতা। ‘অর্জুন’ চরিত্রে মোস্তাফিজুর রহমান, ‘দেবতা মদন’ চরিত্রে হাসান রেজাউল, ‘দেবতা বসন্ত’ চরিত্রে শিশির সিকদার, ‘কথক’ চরিত্রে সামাদ ভূঁইয়া অভিনয় করেছেন।
স্বপ্নদল ২০১২ থেকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস পালন শুরু করে। সে বছর তারা নাট্যজন নূনা আফরোজ ও দলের একজন নাট্যকর্মীর মাকে সম্মাননা জানায়।
২০১৩ সালে নাট্যব্যক্তিত্ব লাকী ইনাম ও স্বপ্নদলের সকল নারী-নাট্যকর্মীকে আনুষ্ঠানিক সম্মাননা প্রদান করা হয়।
স্বপ্নদলের প্রযোজনাগুলো হল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ ও ‘ডাকঘর’, সেলিম আল দীনের ‘হরগজ’ ও ‘ফেস্টুনে লেখা স্মৃতি’, বাদল সরকারের ‘ত্রিংশ শতাব্দী’, কাজী নজরুল ইসলামের ‘পদ্মগোখরা’, মাইমোড্রামা (মূকনাট্য) ‘জাদুর প্রদীপ’, মূকাভিনয় প্রযোজনা ‘স্বাধীনতা সংগ্রাম’ প্রভৃতি।
