অসুস্থ আলিয়া
কাজের খাতিরে চণ্ডিগড় আর মুম্বাইয়ে ক্রমাগত যাতায়াতের ধকলে জ্বরে শয্যাশায়ী হয়ে পড়েছেন বলিউডি অভিনেত্রী আলিয়া ভাট।
অভিনেতা ভারুন ধাওয়ানের সঙ্গে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ সিনেমার শুটিং করছেন আলিয়া। শুটিং চলছে চণ্ডিগড় শহরে। এদিকে মুক্তির অপেক্ষায় আছে তার আরেকটি সিনেমা ‘টু স্টেটস’। যার প্রচারণা করতে আলিয়াকে শুটিংয়ের ফাঁকে ফিরে আসতে হচ্ছে মুম্বাইতে।
টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, গত কয়েকদিন ধরে মুম্বাই আর চণ্ডিগড়ে ক্রমাগত ভ্রমণের ধকলে অসুস্থ হয়ে পড়েছেন আলিয়া।
চণ্ডিগড়ের ঠাণ্ডা আবহাওয়ায় শুটিং করার পর কয়েক ঘণ্টার জন্য মুম্বাইতে ফেরেন আলিয়া। মুম্বাইয়ে পা রাখার সময়ই হালকা জ্বর ছিল তার শরীরে। ‘টু স্টেটস’-এর প্রচারণার পর সেই রাতেই তাকে ফিরতে হয়েছে চণ্ডিগড়ে।
চণ্ডিগড়ে ফেরার পর আলিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। জ্বরের পাশাপাশি সর্দি এবং কাশিতেও আক্রান্ত হন এই অভিনেত্রী।
অসুস্থ আলিয়ার চিকিৎসা শেষে তাকে আগামী কয়েকদিন সম্পূর্ণ বিশ্রাম করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। আলিয়ার অসুস্থতার কারণে দুদিনের জন্য বাতিল করা হয়েছে শুটিংয়ের শিডিউল।
২০১২ সালে কারান জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে আনুষ্ঠানিক অভিষেক হয় আলিয়া ভাটের।
নির্মাতা পূজা ভাটের ছোটবোন আলিয়া এর আগে ১৯৯৯ সালে ‘সংঘর্ষ’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন।
‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর পর সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয়া অভিনীত সিনেমা ‘হাইওয়ে’। মুক্তির অপেক্ষায় আছে ‘টু স্টেটস’। ‘টু স্টেটস’-এ আলিয়ার সঙ্গে দেখা যাবে অভিনেতা অর্জুন কাপুরকে।
লেখক চেতন ভাগাতের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘টু স্টেটস’ মুক্তি পাবে ১৮ এপ্রিল।
অভিনেতা ভারুন ধাওয়ানের সঙ্গে আলিয়া অভিনয় করছেন কমেডি মুভি ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’তে। সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে ১১ জুলাই।
