পাবনায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন শুরু
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের উদ্যোগে পাবনায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন ও ৩৩তম বার্ষিক সাধারণ সভা।
বৃহস্পতিবার সকাল ১০ টায় পাবনা সরকারি অ্যাডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট সংস্কৃতিকর্মী ও কলাম লেখক রণেশ মৈত্র।
সারাদেশ থেকে প্রায় সাড়ে সাতশ’ প্রতিনিধির অংশগ্রহণে সম্মিলন পরিষদের সভাপতি সনজিদা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চারুশিল্পী মুস্তাফা মনোয়ার।
বোধন সংগীত ‘ও আমার দেশের মাটি’ গেয়ে অনুষ্ঠানমালার সূচনা হয়। এরপর প্রদীপ প্রজ্জ্বলন, আবৃত্তি, নৃত্য ও সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় তিনদিনের এ রবীন্দ্রসংগীত সম্মেলন।
সম্মেলনের দ্বিতীয় দিন শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি প্রাঙ্গনে প্রীতি সম্মিলন ও বিকাল ৪টায় ‘কৃষি ও গ্রাম উন্নয়ন এবং রবীন্দ্রনাথ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।
শেষদিন শনিবার থাকবে রবীন্দ্র পদক ও গুণিজন সম্মাননা। এবার সম্মাননা জানানো হবে রাজশাহীর বিশিষ্ট সংগীতগুরু অমরেশ রায় চৌধুরীকে।
এ দিনের অনুষ্ঠানে অধ্যাপক দ্বিজেন শর্মা প্রধান অতিথির ভাষণ দেবেন বলে কথা রয়েছে। প্রদীপ প্রজ্জ্বলন, আবৃত্তি, নৃত্য ও সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে রনেশ মৈত্র রবীন্দ্রনাথকে অসাম্প্রদায়িক সাহিত্যিক উল্লেখ করে বলেন, তার সাহিত্যকর্ম ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কাছেই গ্রহণযোগ্য।
রবীন্দ্রনাথ মানবিক বোধে উজ্জীবিত হয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
সম্মিলন পরিষদের সভাপতি সনজিদা খাতুন ও সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসাসহ স্কয়ার ট্রয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু ও আবৃত্তিশিল্পী ভাস্কর বন্দোপাধ্যায় এতে বক্তব্য রাখেন।
